নিয়োগদাতাদের লক্ষ্য করে নতুন পদ্ধতিতে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। এবার তারা চাকরিপ্রার্থীর ছদ্মবেশে ক্ষতিকর সফটওয়্যার ছড়াচ্ছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। খবর টেকরাডার।

সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ডোমেইনটুলস জানিয়েছে, ‘ফিন সিক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এ কৌশল ব্যবহার করছে। তারা প্রথমে লিংকডইন প্লাটফর্মে ভুয়া চাকরিপ্রার্থীর প্রোফাইল তৈরি করে। এরপর বানায় জীবনবৃত্তান্ত সংবলিত ভুয়া ওয়েবসাইট। এসব ওয়েবসাইট গোপনে ‘গোড্যাডি’ (ওয়েবসাইটের ঠিকানা রেজিস্ট্রেশন এবং ওয়েব হোস্টিং পরিষেবা দেয়া কোম্পানি) থেকে ডোমেইন কেনে। এরপর তারা বিশ্বস্ত ও জনপ্রিয় পরিষেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সে ওয়েবসাইটগুলো হোস্ট করে। এতে সাইটগুলো সহজে শনাক্ত বা বন্ধ হয় না।

হ্যাকাররা এরপর লিংকডইনের মাধ্যমে নিয়োগদাতা, মানবসম্পদ কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে। আস্থা অর্জনের পর ই-মেইলের মাধ্যমে আলাপচারিতা শুরু করে ও জীবনবৃত্তান্তের জন্য ওয়েবসাইটের লিংক পাঠায়। ওই লিংকে প্রবেশ করলে ওয়েবসাইটটি ভিজিটরের অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন তথ্য যাচাই করে। পরে একটি ফাইল ডাউনলোডের প্রস্তাব দেয়া হয়। ফাইলটির ভেতরে থাকে একটি শর্টকাট ফাইল, যা চালু হলে লগইন তথ্য চুরি করা সম্ভব হয়।

অ্যামাজনের ওয়েব সেবা বিভাগ এ বিষয়ে জানিয়েছে, তাদের প্লাটফর্ম ব্যবহার করে এমন আক্রমণ পরিষ্কারভাবে কোম্পানির সেবাবিষয়ক শর্ত ভঙ্গ করে। এ ধরনের কার্যকলাপের প্রতিবেদন পেলে তারা দ্রুত ব্যবস্থা নেয় ও ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলে।