স্মার্টফোন জগতে আবারো আলোচনায় উঠে এসেছে হুয়াওয়ের মেট এক্সটি ট্রাই-ফোল্ড ফ্ল্যাগশিপ। চীনা প্রযুক্তি জায়ান্টটি এ ফোল্ডেবল ফোন বিক্রির দিক থেকে একটি চমকপ্রদ মাইলফলক অতিক্রম করেছে। ‘স্মার্ট চিপ কনসালট্যান্ট’ নামে পরিচিত এক টেক ব্লগার সম্প্রতি এ কথা জানিয়েছেন। খবর গিজচায়না।
সূত্রটির দাবি, ‘বিলাসবহুল প্রাইস ট্যাগ’ থাকা সত্ত্বেও হুয়াওয়ের ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্সটির বিক্রয় রেকর্ড সাত মাসে চার লাখ ইউনিট ছুঁয়েছে। বিক্রির এ সংখ্যা এমন উচ্চমূল্যের স্মার্টফোনের জন্য বেশ বিরল ঘটনা। গত সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ডেবল ফোন হিসেবে আত্মপ্রকাশ করার পরই অনন্য ডিজাইন ও উদ্ভাবনের জন্য আলোচনায় আসে ডিভাইসটি। প্রথম দিকে চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি ছিল। ফলেল্রতৃতীয় পক্ষের প্লাটফর্মে এর মূল্য বেড়ে গিয়ে ৫০ হাজার ইউয়ান (৬ হাজার ৮০০ ডলার) পর্যন্ত পৌঁছেছিল, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৮ লাখ টাকার বেশি।
বর্তমানে ১৬জিবি+৫১২জিবি এবং ১৬জিবি+১টিবি মডেলগুলো যথাক্রমে ২ হাজার ৯৯০ ডলার এবং ৩ হাজার ২৬০ ডলার দামে পাওয়া যাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে হুয়াওয়ে মেট এক্সটি চীনের বাইরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মেক্সিকো, সৌদি আরব ও ইউএইর মতো বাজারে উন্মোচন হয়। বৈশ্বিক বাজারে এটি শুধু ১৬জিবি+১টিবি কনফিগারেশনেই মিলছে।
হুয়াওয়ে ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে দাপট দেখালেও এবার প্রতিযোগিতায় নামতে যাচ্ছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার কোম্পানির প্রথম ট্রিপল-ফোল্ড ডিভাইসটি অভ্যন্তরীণভাবে ‘কিউ৭এম’ কোড নামে তৈরি করা হচ্ছে। প্রযুক্তি সংশ্লিষ্টদের পূর্বাভাস বলছে, আগামী অক্টোবরে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে।
স্যামসাং সাধারণত বছরের তৃতীয় প্রান্তিকে ফোল্ডেবল ফোনগুলো প্রকাশ করে। তাই প্রযুক্তিবিদরা ধারণা করছেন, তিন স্ক্রিনের নতুন স্মার্টফোনটি আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ও জেড ফ্লিপ সেভেনের সঙ্গে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এদিকে ট্রাই-ফোল্ড প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে হুয়াওয়ে মেট এক্সটির পরবর্তী সংস্করণ আনতে যাচ্ছে বলে জানা গেছে। উন্নত ফিচার ও শক্তিশালী কিরিন ৯০২০ চিপসেটসহ চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বাজারসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, নতুন ফোনটিতে ট্রাই-ফোল্ড ডিজাইন একই রকম থাকলেও উন্নত পারফরম্যান্স ও ফিচার যোগ করা হবে।










