যুক্তরাষ্ট্রে তৈরি প্রথম ব্ল্যাকওয়েল ওয়েফার চিপ উন্মোচন করেছে এনভিডিয়া। কোম্পানিটি জানায়, ব্ল্যাকওয়েল নামে এনভিডিয়ার নতুন এআই চিপ সিরিজটি উৎপাদন হয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) যুক্তরাষ্ট্রের কারখানায়। এআই চিপের দ্রুত বাড়তে থাকা চাহিদার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করাকে এনভিডিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।
উল্লেখ্য, ওয়েফার হলো পাতলা ও গোলাকার সিলিকন ডিস্ক, যার ওপর চিপের সার্কিটগুলো তৈরি করা হয়। এআই শিল্পের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কম্পিউটিং শক্তি সরবরাহ করতে কোম্পানিগুলো এখন দ্রুত কাজ করছে।
এনভিডিয়ার এক ব্লগ পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ব্ল্যাকওয়েল চিপ ওয়েফার উৎপাদন দেশটির সরবরাহ চেইনকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে নেতৃত্ব শক্তিশালী করার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের সঙ্গে এ পদক্ষেপ সংগতিপূর্ণ।
এনভিডিয়ার মতে, তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি অ্যারিজোনা কারখানায় উৎপাদন হবে অত্যাধুনিক চিপ। এর মধ্যে থাকবে দুই, তিন ও চার ন্যানোমিটার চিপ এবং এ১৬ চিপ।
এসব চিপ এআই, টেলিকমিউনিকেশন ও উচ্চ-ক্ষমতার কম্পিউটিংয়ের মতো অ্যাপ্লিকেশনের জন্য অপরিহার্য। সম্প্রতি এআই কোম্পানিগুলো ডাটা সেন্টার সক্ষমতা বাড়ানোর জন্য এনভিডিয়া, এএমডি ও ব্রডকমের মতো চিপ নির্মাতাদের সঙ্গে বড় বড় চুক্তি করছে।
বিশ্বের বৃহত্তম উন্নত চিপ নির্মাতা টিএসএমসি গত সপ্তাহে এআই খাতে ব্যয়ের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গির কারণে তাদের পুরো বছরের আয় পূর্বাভাস বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি এমন এক রেকর্ড মুনাফা প্রকাশ করেছে, যা বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।










