চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কিছু শেয়ার করা কথোপকথন সম্প্রতি গুগল, বিং ও ডাকডাকগোর মতো সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। ফাস্ট কোম্পানির খবরে বলা হয়েছে, ‘site:chatgpt.com/share’ এ ডোমেইন ফিল্টার দিয়ে সার্চ চালালে এমন ৪ হাজার ৫০০টির বেশি লিংক খুঁজে পাওয়া যায়, যেগুলো ব্যবহারকারীরা শেয়ার করেছিলেন। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

ওপেনএআই চ্যাটজিপিটিতে একটি ফিচার চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কথোপকথনের জন্য একটি পাবলিক লিংক তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতেন। যদিও এটি পরীক্ষামূলক ফিচার ছিল এবং কেবল নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছিল। তবে অনেক ব্যবহারকারী হয়তো জানতেন না, এসব শেয়ার করা লিংক সার্চ ইঞ্জিনেও দেখা যেতে পারে।

সব কথোপকথনে ব্যক্তিগত তথ্য ছিল না, তবে কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর নাম, অবস্থান ও পেশাগত তথ্যও ছিল। টেকক্রাঞ্চ এমন একটি চ্যাট খুঁজে পেয়েছিল, যেখানে একজন ব্যবহারকারী নিজের চাকরির আবেদনপত্র বা রিজিউম নতুনভাবে লেখার অনুরোধ করেছিল। সে চ্যাটের তথ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তির লিংকডইন প্রোফাইল খুঁজে পাওয়াও সম্ভব হয়েছে।

এ নিয়ে ওপেনএআই একটি ব্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) ডেন স্টাকি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘এটি একটি পরীক্ষামূলক ফিচার ছিল, যার মাধ্যমে কার্যকর কিছু চ্যাট আরো সহজে খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল।’

তবে তিনি স্বীকার করেন, এ ফিচারের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে হলেও ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। সে কারণেই ফিচারটি এখন বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, ওপেনএআই এরই মধ্যে সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে কাজ করে এ ইনডেক্স হওয়া চ্যাটগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

গ্যাজেটস৩৬০ জানায়, রিপোর্ট লেখার সময় তারা আর কোনো শেয়ারকৃত কথোপকথন সার্চে খুঁজে পাননি। ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্মে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।