চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন টুল ব্যবহার করে গত সপ্তাহে ঘিবলির শৈলীতে এআই ছবি তৈরির উন্মাদনা ছিল চরমে। এর ফলে একযোগে বিপুলসংখ্যক মানুষ যোগ দিয়েছে ওপেনএআইয়ের এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্লাটফর্মে। ফলস্বরূপ মাত্র ১ ঘণ্টায় চাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা ছাড়ায় ১০ লাখ। গত মঙ্গলবার এমনটাই জানান ওপেনআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। খবর টেকক্রাঞ্চ।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা স্টুডিও ঘিবলির হাতের আঁকা ছবি এআইয়ের সহায়তায় তৈরি করে শেয়ার করছেন এসব প্লাটফর্মে। স্টুডিও ঘিবলি জাপানের একটি জনপ্রিয় অ্যানিমেশন কোম্পানি, যার প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি। ঘিবলির বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘মাই নেইবর টোটোরো।’

সিমিলার ওয়েবের বাজার গবেষণার তথ্যে জানা গেছে, চলতি বছর প্রথমবারের মতো চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। এর পেছনে মূল কারণ ইমেজ জেনারেশন টুল ও ভাইরাল হওয়া ঘিবলি আর্ট।

সম্প্রতি এ ট্রেন্ড এতটাই ভাইরাল যে স্যাম রসিকতা করে পোস্ট করেন, ‘চ্যাটজিপিটির কর্মীদের একটু ঘুমাতে দিন। আমরা ২৪ ঘণ্টা কাজ করতে পারছি না!’

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে চ্যাটজিপিটি চালু পর প্রথম ১০ লাখ ব্যবহারকারী পেতে সময় লেগেছিল পাঁচ দিন।