দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং দেশটির সরকারের সঙ্গে অংশীদারত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো গড়ে তুলছে চিপ নির্মাতা এনভিডিয়া। এর অংশ হিসেবে এনভিডিয়ার ৫০ হাজার গ্র্যাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করে ‘এআই মেগাফ্যাক্টরি’ নামের বিশাল এক স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে স্যামসাং। খবর এনগ্যাজেট।

কারখানাটি মূলত এআই-নির্ভর চিপ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে ব্যবহার হবে। তবে কবে থেকে এ স্থাপনার নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এনভিডিয়ার সহযোগিতায় নিজেদের লিথোগ্রাফি (চিপ তৈরির একটি ধাপ) প্লাটফর্মকে জিপিইউ সক্ষম করবে স্যামসাং। ফলে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্টটির উৎপাদনক্ষমতা প্রায় ২০ গুণ বাড়বে।

স্যামসাংয়ের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাইও নিজস্ব উৎপাদন ও বিদ্যুচ্চালিত প্রযুক্তির জন্য এআই মডেল তৈরি করতে এনভিডিয়ার ৫০ হাজার ব্ল্যাকওয়েল জিপিইউ ব্যবহার করবে।

এনভিডিয়ার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেমন্ড তেহ বলেন, ‘এআই খাতে দক্ষিণ কোরিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনাকে সমর্থন দিতে আমরা দেশটির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

স্যামসাং উচ্চ ক্ষমতাসম্পন্ন হাই ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) তৈরি করে, যা এনভিডিয়ার এআই চিপে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, তারা এনভিডিয়ার সহযোগিতায় এইচবিএম ৪ মেমোরিকে এআই চিপে আরো কার্যকরভাবে ব্যবহারের জন্য সমন্বয় করবে। এ পদক্ষেপের ফলে চিপ উৎপাদন ও এআই প্রযুক্তির কার্যক্ষমতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

একইভাবে টেলিকম ও চিপ নির্মাতা এসকে হাইনিক্সও এনভিডিয়ার ৫০ হাজার সার্ভার চিপ ব্যবহার করে শিল্প খাতভিত্তিক এআই ক্লাউড গড়ে তুলছে। এ ক্লাউড ব্যবস্থায় আগামী প্রজন্মের মেমোরি, রোবোটিকস, ডিজিটাল টুইন ও বুদ্ধিমান এআই এজেন্ট উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছে এনভিডিয়া।

বিশ্লেষকরা বলছেন, স্যামসাং ও এনভিডিয়ার ২৫ বছরের দীর্ঘ সহযোগিতার নতুন অধ্যায় এ ‘এআই মেগাফ্যাক্টরি’। দুই কোম্পানি বহু বছর ধরে একসঙ্গে কাজ করছে। এনভিডিয়ার প্রথম গ্র্যাফিকস কার্ডের জন্য স্যামসাংয়ের ডিআরএএম চিপ সরবরাহ থেকে এ সহযোগিতা শুরু হয়েছিল। তার পর থেকে তা ধীরে ধীরে প্রসারিত হয়ে চিপ উৎপাদন ও মেমোরি প্রযুক্তিকেও অন্তর্ভুক্ত করেছে।

চিপ ডিজাইন ও লিথোগ্রাফি ছাড়াও এনভিডিয়ার এআই প্রযুক্তি রোবোটিকস ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রয়োগ করার পরিকল্পনা করছে স্যামসাং।