১৮ বছর বয়সের নিচের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সঙ্গী অ্যাপ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা কমন সেন্স মিডিয়া। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এসব অ্যাপে যৌনতা, নিজেকে আঘাত করার প্রবণতা ও মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বার্তা পাওয়া গেছে। খবর সিএনএন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় কমন সেন্স মিডিয়া তিনটি জনপ্রিয় এআই সঙ্গী অ্যাপ—ক্যারেক্টার ডট এআই, রেপ্লিকা ও নোমি পরীক্ষা করে এ প্রতিবেদন তৈরি করেছে। গবেষণায় দেখা যায়, এসব অ্যাপ ব্যবহারকারীদের নিজস্ব চ্যাটবট তৈরি বা অন্যের তৈরি করা চ্যাটবটের সঙ্গে আলাপের সুযোগ দেয়। মূলত এসব অ্যাপ এআই ব্যবহার করে ব্যবহারকারীর সঙ্গে বন্ধুর মতো কথা বলে। চ্যাটবটগুলো বিভিন্ন ব্যক্তিত্ব ধারণ করতে ও ব্যবহারকারীদের সঙ্গে দীর্ঘসময় ধরে কথোপকথন চালু রাখতে সক্ষম।

কমন সেন্স মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেমস স্টেয়ার বলেন, ‘গবেষণায় দেখা গেছে, এসব চ্যাটবট সহজেই যৌন আলোচনা, নেতিবাচক ও বিপজ্জনক পরামর্শ দিয়ে থাকে। এর প্রভাব কিশোরদের জীবনে গুরুতর, আবার ক্ষেত্রবিশেষে জীবনঘাতীও হতে পারে।’

প্রতিবেদন অনুযায়ী, এর আগে এক মামলায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর জন্য এআইকে দায়ী করা হয়েছে। অভিযোগে বলা হয়, ‘ওই কিশোর একটি চ্যাটবটের সঙ্গে আবেগঘন সম্পর্ক গড়ে তোলে, যা তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। পরবর্তী সময়ে এটি তাকে আত্মহত্যায় প্ররোচিত করে।’

রেপ্লিকা ও নোমি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের অ্যাপ কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ক্যারেক্টার ডট এআই সাম্প্রতিক সময়ে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থাও যুক্ত করেছে। তবে গবেষকদের মতে, কিশোরদের রক্ষা করতে এসব পদক্ষেপ যথেষ্ট নয়। তারা মনে করছেন, শিশুদের অপ্রাপ্তবয়স্ক বিষয়বস্তু থেকে দূরে রাখতে ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে আরো কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন।

গবেষণাটি এমন সময় প্রকাশ হয়েছে, যখন বিশ্বজুড়ে এআই টুলের জনপ্রিয়তা বাড়ছে আর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিশোররা যখন এআই চরিত্রের সঙ্গে আবেগগত বন্ধনে জড়িয়ে পড়ে বা বয়স-অনুপযুক্ত বিষয়বস্তুর মুখোমুখি হয়, তখন তা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। এমন প্রেক্ষাপটে গবেষক ও বিশেষজ্ঞরা অভিভাবক ও নীতিনির্ধারকদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ও কার্যকর উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে।