এপিক গেমসের প্রধান নির্বাহী (সিইও) টিম সুইনি অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের গ্যাংস্টার বলে অভিহিত করেছেন। সাম্প্রতিক একটি ওয়াই কম্বিনেটর ইভেন্টে এমন মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়া টুডে।

টিম সুইনি বলেন, ‘অ্যাপল ও গুগল গ্যাংস্টার স্টাইলে ব্যবসা পরিচালনা করে। তাদের প্রয়োজন অনুযায়ী বা সুবিধামতো তারা নিয়ম ভাঙে বা তৈরি করে।’

সুইনির মতে, এসব কোম্পানি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এরা কেবল প্রতিযোগিতাকে দমন করছে না, বরং তার মতো ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোরও ক্ষতি করছে। তিনি দাবি করেন, অ্যাপল ও গুগলের নীতিমালাগুলো এমনভাবে তৈরি করা, যা তাদের অফিশিয়াল স্টোরের বাইরে ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত রাখে। ফলে এপিক গেমস স্টোরের মতো বিকল্পগুলোর উন্নতি করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সুইনি অভিযোগ করেন, অ্যান্ড্রয়েড ফোনে এপিকের অ্যাপ স্টোর ইনস্টল করতে গেলে ব্যবহারকারীদের সামনে অজানা উৎস সম্পর্কে সতর্কবার্তা দেখানো হয়। যা দেখে ৫০-৬০ শতাংশ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সুইনির ভাষায়, এটি একটি বিশেষ স্ব-অগ্রাধিকার কৌশল, যেখানে অ্যাপল ও গুগল সচেতনভাবেই প্রক্রিয়াটিকে ভীতিকর করে তোলে, যেন ব্যবহারকারী তাদের অফিশিয়াল অ্যাপ স্টোরেই থেকে যায়।

তিনি বলেন, ‘অ্যাপল ও গুগল এখন আর আইন মেনে চলা কোম্পানি নয়। তারা এখন গ্যাংস্টার-ধাঁচের ব্যবসা চালায়, যেখানে তারা যা খুশি তাই করার চেষ্টা করে।’

সুইনি এ প্রথমবার এত জোরালোভাবে কথা বলছেন, তা নয়। ২০২১ সালে, দক্ষিণ কোরিয়ায় এক বক্তৃতায় তিনি গুগলকে ‘পাগল’ বলেন এবং অ্যাপলকে থামানো উচিত বলেন। ওই সময় সুইনি একটি সর্বজনীন অ্যাপ স্টোর তৈরির কথা বলেন, যা কেবল অ্যান্ড্রয়েড বা আইওএসের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং সব প্লাটফর্মেই

কাজ করবে।

তবে সুইনি মনে করেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন কার্যকর না হওয়া পর্যন্ত বাস্তব পরিবর্তন আসবে না।