বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে। আজ মঙ্গলবার ওপেনএআইয়ের এ জনপ্রিয় প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হয়। খবর দ্য ভার্জ।

ওয়েবের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে চ্যাটজিপিটিতে ত্রুটিসংক্রান্ত রিপোর্ট বাড়তে থাকে। দুপুর আড়াইটা থেকে এ সময়ের মধ্যে বিশ্বব্যাপী এক হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার অভিযোগ করে। এসব অভিযোগের বেশির ভাগই ছিল চ্যাটবটটি নিয়ে।

ডাউনডিটেক্টরের প্রতিবেদন অনুযায়ী, মোট অভিযোগের ৯৩ শতাংশই ছিল চ্যাটজিপিটি চ্যাটবট কাজ না করায়। অন্যদিকে, ওপেনএআই অ্যাপ নিয়ে অভিযোগ ৭ শতাংশ ও লগইন সমস্যা নিয়ে ১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চ্যাটবট ব্যবহার করতে গিয়ে অনেকেই একটি ত্রুটি বার্তা পাচ্ছে, যেখানে লেখা ‘হুম... মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে’। আবার কেউ কেউ চ্যাটজিপিটি ব্যবহার করতে পারলেও স্বাভাবিকের চেয়ে অনেক ধীর গতির সেবা পাচ্ছে বলে অভিযোগ করছে।

এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যাটজিপিটির নিয়মিত ব্যবহারকারীরা, বিশেষ করে যারা পেশাগত ও শিক্ষাগত কাজে প্লাটফর্মটির ওপর নির্ভরশীল।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণত সার্ভারসংক্রান্ত জটিলতা, ব্যবহারকারীর চাপ বৃদ্ধি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ধরনের সেবায় ব্যাঘাত ঘটে। আবার অনেক সময় এমন বিভ্রাট সাইবার হামলার লক্ষণও নির্দেশ করে।

এদিকে ওপেনএআই দ্রুত সমস্যা সমাধানে কাজ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে কী কারণে এ গোলযোগ সৃষ্টি হয়েছে অথবা কখন সম্পূর্ণ সেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে, সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জনা যায়নি।

উল্লেখ্য, ফোর্বসের প্রতিবেদনে অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০ কোটি।