কনটেন্ট ক্রিয়েটরদের শর্ট-ফর্ম কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে বিশদভাবে বোঝানোর জন্য ইউটিউব শর্টসের ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি বুধবার এ ঘোষণা দিয়েছে। এখন থেকে শর্টস ভিউ গণনা করা হবে, যখন কোনো শর্ট প্রথমবার বা পুনরায় প্লে করা হবে। খবর টেকক্রাঞ্চ।

এর আগে একটি শর্ট নির্দিষ্ট কয়েক সেকেন্ড দেখার পরই তা ভিউ হিসেবে গণ্য হতো। এ পরিবর্তনের ফলে ভিউ গণনার সংখ্যা এখন থেকে আরো বেশি হবে।

ইউটিউব জানিয়েছে, নির্মাতারা তাদের শর্টস কতবার দেখা হচ্ছে তা জানতে চাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ পরিবর্তন আনা হয়েছে। এতে কনটেন্ট নির্মাতাদের কনটেন্টের কৌশল নির্ধারণ ও ব্র্যান্ড পার্টনারদের কাছে তাদের কাজ উপস্থাপন করা সহজ করে তুলবে।

আপডেটটির মাধ্যমে ইউটিউব শর্টস এখন টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মেট্রিকের সঙ্গে সামঞ্জস্য রাখবে, যেখানে ভিডিও শুরু বা পুনরায় চলার সংখ্যা ট্র্যাক করা হয়। নির্মাতারা এখন একাধিক প্লাটফর্মে তাদের শর্ট-ফর্ম ভিডিওর কার্যকারিতা আরো ভালোভাবে বুঝতে পারবেন।

যেসব নির্মাতা আগের শর্টস মেট্রিক দেখতে চান, তারা ইউটিউব অ্যানালিটিকসের ‘অ্যাডভান্সড মোডে’ গিয়ে এটি দেখতে পারবেন। ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত মেট্রিকটিতে কতজন দর্শক নির্মাতাদের শর্টস দেখতে পছন্দ করছেন তা দেখতে সাহায্য করবে।

ইউটিউব নিশ্চিত করেছে, পরিবর্তনটি নির্মাতাদের উপার্জন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতা অর্জনের পদ্ধতিকে প্রভাবিত করবে না। কারণ এ দুটি বিষয় আগের মতোই এনগেজড ভিউসের ভিত্তিতে নির্ধারণ হবে। পরিবর্তনটি ৩১ মার্চ থেকে কার্যকর হবে।