যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক যান ও ক্লিন এনার্জিনির্ভর পণ্য নির্মাতা টেসলা সম্প্রতি তাদের ‘উই, রোবট’ ইভেন্টে সাইবারক্যাব নামে একটি নতুন স্বচালিত যান (রোবোট্যাক্সি) প্রদর্শন করেছে। কোম্পানিটির সিইও ইলোন মাস্ক এ সময় একটি সাইবারক্যাবে করে স্টেজে এসে জানান, গাড়িগুলো ২০টি মডেলে পাওয়া যাবে। তিনি বর্তমান পরিবহন পদ্ধতির সমালোচনা এবং স্বচালিত গাড়ির সুবিধাগুলো, যেমন উন্নত নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। খবর এনগ্যাজেট।

সিইও মাস্কের দাবি, গণপরিবহনের সঙ্গে তুলনা করলে স্বচালিত ট্যাক্সিগুলো ব্যবহারে খরচ খুবই কম হবে। যানটি পরিচালনার খরচ মাইলপ্রতি ২০-৪০ সেন্টের মধ্যে থাকতে পারে। আর সাইবারক্যাবের দাম ৩০ হাজার ডলারের (প্রায় ৩৬ লাখ টাকা) নিচে থাকবে বলেও জানান তিনি। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো গাড়িগুলোয় কোনো স্টিয়ারিং হুইল নেই। মাস্ক এমন একটি ভবিষ্যতের কল্পনা করেন, যেখানে ব্যক্তিরা একাধিক সাইবারক্যাবের মালিক হতে পারেন ও রাইডশেয়ারিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। তিনি বলেন, ‘পুরোপুরি স্বচালিত ড্রাইভিং ফিচারগুলো প্রথমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় মডেল থ্রি ও মডেল ওয়াইয়ে পাওয়া যাবে।’

সাইবারক্যাবের পেছনের প্রযুক্তি নিয়েও আলোচনা করেন মাস্ক, উল্লেখ করেছেন এটি প্রচলিত র‍্যাডার ও সেন্সরের পরিবর্তে এআই এবং ‘ভিশন’ ব্যবহার করবে। ভিশন প্রযুক্তি সাইবারক্যাবকে আশপাশের পরিবেশ দেখতে ও বুঝতে সক্ষম করে। এ দুই প্রযুক্তি ক্যাবের উৎপাদন খরচ কম রাখতে সাহায্য করবে। এছাড়া সাইবারক্যাব চার্জিং পোর্টের পরিবর্তে ইন্ডাকটিভ চার্জিং ব্যবহার করবে।

রয়টার্সের তথ্যানুযায়ী, সাইবারক্যাব ২০২৬ সাল থেকে তৈরি হবে ও পরে বড় পরিমাণে উৎপাদন করা হবে। সময়সীমা নিয়ে সিইও মাস্কের সম্পর্কে তার অত্যধিক আশাবাদী হওয়ার প্রবণতা রয়েছে। তিনি বলেন, ‘সাইবারক্যাবের উৎপাদন ২০২৭-এর আগে শুরু হবে। এসব স্বচালিত গাড়ি মানুষের চেয়ে ১০ গুণ বেশি নিরাপদ ও ৫-১০ গুণ বেশি সময় ধরে গাড়ি চালাতে সক্ষম।’

এ ইভেন্টে মাস্ক ‘রোবোভ্যান’ নামে আরো একটি নতুন যান উন্মোচন করছেন, যা ২০ জন পর্যন্ত লোক বহন করতে পারে, কিন্তু এর সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানাননি তিনি।