টেক জায়ান্ট মেটার রিস্টব্যান্ডের সাহায্যে স্পর্শ না করেও কম্পিউটার বা স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে মেটা আশা করছে, কয়েক বছরের মধ্যেই রিস্টব্যান্ডটি বাজারে আনা সম্ভব হবে। খবর ইন্ডিয়া টুডে।
মেটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির রিয়ালিটি ল্যাবস ডিভাইসটি তৈরি করছে। এটি মানবদেহের পেশির বৈদ্যুতিক সংকেত শনাক্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বিশ্লেষণের মাধ্যমে কাজ করে বলে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
শরীর নাড়ানোর আগেই মস্তিষ্ক ও পেশির মধ্যে প্রবাহিত বৈদ্যুতিক সংকেত ধরতে পারে ডিভাইসটি। মেটার গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট থমাস রিয়ারডন বলেন, ডিভাইসটি ব্যবহার করতে শরীর নড়াতে হয় না, শুধু চিন্তা করলেই হয়। অর্থাৎ আঙুল নাড়ানোর আগে যদি শুধু ভাবেন যে নড়াবেন, সে সংকেতই ডিভাইস ধরতে পারে এবং স্ক্রিনে সে অনুযায়ী কমান্ড দেখানো হয়।
রিস্টব্যান্ডটি ‘ইলেকট্রোমায়োগ্রাফি’ বা ইএমজি পদ্ধতিতে কাজ করে, যা বাহুর পেশিতে স্নায়ুর সংকেত শনাক্ত করে। মেটা বলছে, প্রায় ১০ হাজার মানুষের কাছ থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে ডিভাইসটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে নতুন ব্যবহারকারী কোনো আলাদা প্রশিক্ষণ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। গবেষক প্যাট্রিক কাইফশ বলেন, প্রশিক্ষণের কাজ এমনভাবে করা হয়েছে যে ডিভাইসটি নতুন কোনো ব্যবহারকারীর কাছে গেলেও সমস্যা ছাড়াই কাজ করবে।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ব্যবহারকারীরা মাউস চালানো, টাইপ করা এমনকি আকাশে অদৃশ্য অক্ষর লেখার মতো কাজও করতে পারছেন, তাও কেবল আঙুল নাড়ানোর কথা ভেবেই।
বিশ্লেষকরা বলছেন, এআইভিত্তিক ডিভাইসটি অস্ত্রোপচার ছাড়াই ব্যবহার করা যায়, তাই এটি নিউরালিংকের মতো মস্তিষ্কে স্থাপিত যন্ত্রের তুলনায় নিরাপদ ও সহজ। এমনকি চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠতে পারে।










