ইনস্টাগ্রামে নতুন লোকেশন শেয়ারিং সুবিধা চালু করেছে মেটা। স্ন্যাপচ্যাটের ‘স্ন্যাপ ম্যাপ’-এর মতো ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ‘সাম্প্রতিক সক্রিয় অবস্থান’ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে গত সপ্তাহান্তে ম্যাপ ফিচারটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এর বিরোধিতা করেন এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর সিএনবিসি।
মেটা একটি ব্লগ পোস্টে জানায়, নতুন ম্যাপ ফিচারে লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়, অর্থাৎ ব্যবহারকারীর অনুমতি ছাড়া কাজ করে না। কিন্তু সোশ্যাল প্লাটফর্মে বেশকিছু ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে ফিচারটি নিজে থেকে চালু রয়েছে অথবা সেটি বন্ধ না করেই ব্যবহারকারীদের অবস্থান প্রকাশ পাচ্ছে।
মেটার মাইক্রোব্লগিং প্লাটফর্ম থ্রেডসে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ইনস্টাগ্রাম কোনো রকম সতর্কবার্তা ছাড়াই এমন একটি ম্যাপ ফিচার চালু করেছে যা সবার অবস্থান প্রকাশ করছে। এটা হতাশাজনক।’
কেউ কেউ বলছেন, ফিচারটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। ফলে অন্যদের ওপর নজরদারি বা হেনস্তার মতো ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এসব অভিযোগের জবাবে জানান, ম্যাপ ফিচার ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের অবস্থান প্রকাশ করছে না।
তিনি বলেন, ‘অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হচ্ছেন কারণ তারা নিজেদের অবস্থান ম্যাপে দেখছেন, তাই ভাবছেন অন্যরাও তাদের দেখতে পারছে।’
তবু কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারী দাবি করেছেন যে ম্যাপ ফিচার চালু না করলেও তাদের অবস্থান অন্যরা দেখতে পারছে।
টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো নতুন কিছু ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। এখন অন্য অ্যাকাউন্টের পাবলিক রিল ও পোস্ট নিজের প্রোফাইলে পুনরায় পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এসব পোস্ট ‘রিপোস্ট’ নামে একটি ট্যাবে সংরক্ষিত থাকবে। একই সঙ্গে চালু করা হয় ম্যাপ বা লোকেশন শেয়ারিং ফিচার।










