পাপ খরচ করে নেককার হওয়ার মতো সততা নেই

তাই শরাবন তহুরা ভেবে প্রেম-পেয়ালা চুমক দেই

কাজল চাহনিতে বিকাই যেহেতু সার্বভৌম বেদনারে

ক্ষণিকের মাদকী মোহে সংসারী ভাব  না হয়ে পারে

ঠোঁটে ঠোঁটে রাখার মতো সাহস নেই যে হরিণ শাবকে

সেও সাহসী শরাহত কেলিরত একজোড়া পাখি দেখে।

 

শীতের অনাহুত বৃষ্টির মতো জীবন বিরহে কাঁদে

ঝিনুকের একবুক আবেগী দানা তাই মুক্তা হয় না

অবসর প্রেমে বগুড়ার দইয়ে দেখো সর বসে না

বেদনার বালুচরে স্বপ্নরা কাছিমের মতো বাসা বাঁধে

সাময়িক ভালো লাগা যেমন সীমাবদ্ধ থাকে দৃষ্টিতে

সবুজ ও কোমল হয়  না কংক্রিট আবেগ যাতে।

 

মফস্বল মন আমার ছলনা শিখেনি কোনো কালে

অকর্ষিত ভূমিতে কোনো দিন ভুল করে না লাঙলে

চাষোপযোগী কোনো মন পায় যদি রাখালী আবেগ

আবেগের সব বেগ ঢেলে দিয়ে দিবে প্রেমের সেচ

সেই সেচে উর্বরা জমিন হবে যে মানবীর বুক

তার মাঝে পরিযায়ী জীবন পাবে বাবুইয়ের সুখ।