কখনো আমার ঘরে
অশান্তির দাউ দাউ আগুন জ্বলতে থাকে,
সে আগুনে ঘরের ভেতর পোড়ে
মাথার মগজ পোড়ে,
উত্তেজনার আগুনে হূদযন্ত্র পোড়ে;
আমি ধৈর্যের পানিতে
এ আগুন নিভানোর প্রয়াস চালাই,
অথচ আগ্রাসী আগুন সহসা নিভতে চায় না;
সেই আগুনে পুড়েছে নাসিরনগর।
শুধু বিশ্বাসের ভিন্নতার জন্য
যারা জ্বালায় আগুন,
ওরা কি মানুষ... ?
সেই আগুনের লেলিহান শিখা
জ্বলে এখন আমার মনের ঘরেও,
আমি সেই দাবানলে পুড়ি
আর আর্তচিত্কার করি,
আহ্ কী অসহ্য লজ্জা,
মানবতার কী মর্মান্তিক অপমান!






