আমাকে অঝোর বৃষ্টি, তীক্ষ রোদ কিংবা আকুল জোসনার তুমুল ধারাপাতে নিবিষ্ট
তোমার দেখা: অপরের বহুমূল্য ক্যামেরায় নিজের বেওয়ারিশ ছবি; অভিন্ন শয্যায়
পাশাপাশি আমরা আল্পস্, হিমালয়— মাঝখানে যোজন যোজন দূরত্ব স্থির তথাপি;
কি এলো কি গেলো পৃথিবীর কিচ্ছু এসে যায় না আমার: ব্যবসায় মুনাফা আসছে
ভালো; আলোকিত জগৎ আর অন্ধকার নরককে ভিন্ন ভিন্ন অবয়বে দেখে ক্যানভাসে
যার যার; তোমার দুই চোখে দুই পুরুষ; প্রফুল্ল আলোতে, নিশ্ছিদ্র অন্ধকারে থাকি
এক আমি, কী ভীষণ বৈপরীত্য দুইয়ের ভিতর:
আমার কাছে আসা নয়, আমার জন্যে অধীর ছুটে আসা; অকামা অবসরে সময়ের
অকথ্য অত্যাচারে অতিষ্ঠ তুমি আসো ডানার ক্লান্তি ঝরাতে অবাধ আকাশে আমার;
আমার অজস্র নক্ষত্র, বহুস্তরিক কৃষ্ণমেঘ, উত্তাল সাগর কেবল আমার কষ্টের, আমারই
অবাধ্য অহঙ্কার, তুমি নও তার বৈধ অংশীদার; সে দাবিও করোনি কোনোদিন কোনো
আদালতে; আমরা, যে-যার মতো; হূদয়ের ছায়া ফেলে অন্যের ওপর ভালোবাসা তাকে
বলি, ছায়াকে; তোমার অপর, এই আমার অকাট শূন্যতা, বিষাদ বিষণ্নতা, নিরুপায়
বিপন্ন অবস্থা তোমাকে এতটুকু ছোঁয় না বাস্তবিক।






