ভেরা তিশেঙ্কো ১৯৪০ সালের ১৭ জুন কলকাতার নাখোদা মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম নেন নূর জাহান। ধর্মান্তরিত হয়ে তিনি খবরটি তার তত্কালীন স্বামী ইউজিন তিশেঙ্কোকে তারবার্তার মাধ্যমে জানান। টেলিগ্রামে তিনি স্বামী ইউজিনকেও ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানান। টেলিগ্রামটি ছিল নিম্নরূপ:
প্রতি তিশেঙ্কো, ২৪, মন্টেপেলিয়ের পার্ক, এডিনবরা.
মুসলমান হয়েছি। তোমাকেও মুসলমান হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মতি কিংবা অস্বীকৃতি ১৯, চৌরঙ্গী কলকাতায় টেলিগ্রাম করো।
প্রেরক, তিশেঙ্কো
২ জুলাই, ১৯৪০ কলকাতায় ভেরার বাসস্থানে স্বামী ইউজিনের টেলিগ্রাফিক বার্তা এসে পৌঁছে। ইউজিনের জবাব ছিল এ রকম—
আমার ধর্মবিশ্বাস অটল। তুমি যেমনটা করেছ সে রকম ধর্ম পরিবর্তন আমি কখনই করব না। ওলেগ অবশ্যই গ্রিক অর্থোডক্স হিসেবেই বেড়ে উঠবে।
(ভেরা ও ইউজিনের একমাত্র পুত্র ছিলেন ওলেগ)
এরপর বিবাহবিচ্ছেদ চেয়ে কলকাতার সুপ্রিম কোর্টে ভেরার করা আবেদনসংক্রান্ত কাগজপত্র এডিনবরায় গ্রহণ করেন ইউজিন। এরপর ১৯ সেপ্টেম্বর ভেরাকে একটি চিঠি পাঠান—
২৪, মন্টেপেলিয়ের পার্ক, এডিনবরা
প্রিয় ভেরা,
আমি কাগজপত্র পেয়েছি। সেগুলোর বিষয়বস্তু পড়ে বিস্মিত হয়েছি। আমি আশা করি তুমি আমার কাছে কতটা বেশি চেয়ে বসেছ সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে। ভবিষ্যৎই বলে দেবে তুমি আসলেই বুঝতে পেরেছ কী পারোনি।
তোমার এবং ওলেগের স্বার্থে আমি রিটের কপি গ্রহণ করেছি। এবং আমি আমার কোনো আইনজীবী নিয়োগ করব না। খরচের ব্যাপারে তোমার নিশ্চয়তা পেলে খুশি হব। তুমি প্রতিজ্ঞা রক্ষা করবে বলে আমি বিশ্বাস করি। তোমার সব চিঠি আমার কাছে সংরক্ষিত আছে।
তোমার বিশ্বস্ত,
ই. তিশেঙ্কো





