ডাকযোগে একটা আকাশ
পাঠাতে বলেছিলাম তোকে।
পাখির ঠোঁটের মতন খুঁটে খুঁটে
জমিয়েছিলাম কিছু জীবন বিষয়ক
পদাবলি। কিছু ভাসমান খড়কুটো প্রাণ,
কিছু কমনীয় কাতরতা,
কিছু খণ্ডকালীন দুঃখবোধ আর
একগুচ্ছ ক্ষয়িষ্ণু ক্ষোভ।
আহা, কি না ছিল এই সংসার
আয়োজনে?
ভেবেছিলাম আকাশটা পেলেই
সাজিয়ে নেব সুনিপুণ গৃহস্থালি।
হায়রে সংসার!
কত মায়ার আর মৃত্তিকার।
কত ছায়ার আর ছত্রাকের।
এমন জড়িয়ে বেঁচে থাকার মানেই
বুঝি
পরগাছা হয়ে বেঁচে থাকা?
আমার নির্ভরতার সুখ,
আমার অবলম্বনের আস্থাটুকু
তোর চোখেই পড়ল না?
তবে শোন,
মাঝপথে ট্রেন থামলেই ধরে নিতে
নেই
আর বুঝি এগোনো যাবে না।
আর বুঝি দেখা মিলবে না কাঙ্ক্ষিত
প্লাটফর্মের।
ভুলে গেছিস বুঝি;
গন্তব্যের আগেও কিছু যাত্রা বিরতি
থাকে।





