ফিদেল কাস্ত্রোর প্রতি
পাবলো নেরুদা
ফিদেল ফিদেল মানুষ তোমাকে কৃতজ্ঞতা জানায়
তোমার কথা কাজে পরিণত করার জন্য এবং তোমার
যে কাজ গীত শোনায় সেজন্য
সেজন্যই আমি অনেক দূর থেকে
আমার দেশের একপাত্র মদ নিয়ে এসেছি:
এতে আমার বিবরবাসী মানুষের রক্ত
অন্ধকার থেকে তোমার গলায় পৌঁছবে
শত শত বছর ধরে টিকে থাকা খনি শ্রমিক
যারা জমাট মৃত্তিকা থেকে আগুন তুলে আনে,
কয়লার জন্য তারা সমুদ্রের নিচে চলে যায়
যখন উঠে আসে প্রেতাত্মার মতো দেখায়
অনন্ত রাতের সঙ্গে তাদের অভিযোজন হয়ে গেছে
দিনের কাজের আলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে
তবুও এই পাত্রটি অনেক ভোগান্তি ও অনেক
দূরত্বে পরিপূর্ণ: বন্দি মানুষের সুখ অন্ধকার ও
আশা আঁকড়ে থাকা, খনির গভীরে থেকে যারা জানে
কখন বসন্ত ও তার সুঘ্রাণ আসে
কারণ তারা জানে সবচেয়ে বেশি স্বচ্ছতা
পেতেই মানুষ সংগ্রাম করে যাচ্ছে।
দূর দক্ষিণের খনি শ্রমিকদের চোখে পড়ে কিউবা
নিচু ভূমির নিঃসঙ্গ পুত্রগণ, পাতাগোনিয়ায়
শীতের রাখাল, টিন ও সিলভারের পিতৃপুরুষ
যারা সারি বাঁধা পার্বত্য অঞ্চলকে বিয়ে করে
চুকিকামাতা খনি থেকে তুলে আনে তামা
অজ্ঞাতনামা মানুষেরা যারা বাসে উবু হয়ে বসে
স্মৃতিকাতর মানুষের মধ্যে
মাঠে ও কারখানায় নারী
যে শিশুরা গোটা শৈশবজুড়ে কেঁদেছে কেবল
এখানে এই সেই পানপাত্র, আপনি তুলে নিন, ফিদেল।
এই পাত্র এত বেশি আশায় পরিপূর্ণ
পান করামাত্রই আপনি টের পাবেন
আপনার বিজয় আমার দেশের বয়স্ক মদের মতো
এক হাতে তৈরি নয়, লেগেছে অজস্র হাত
একটি আঙ্গুর থেকে নয়, অসংখ্য আঙ্গুরের বাগান
একটি বিন্দু থেকে নয়, অসংখ্য নদী
একজন সেনাপতির নয়, অসংখ্য যুদ্ধের।
তারা সবাই আপনাকে সমর্থন করে কারণ
আমাদের সংগ্রামে আমাদের মর্যাদা আপনি
মূর্ত করেছেন আর যদি কিউবার পতন ঘটত
পতন হতো আমাদের সবার, আমরা সবাই
তাকে ঠেলে উপরে তুলতে চলে আসতাম,
তার সমস্ত ফল নিয়ে যদি কিউবার বিকাশ হয়
আমাদের নিজস্ব মধু নিয়ে বিকশিত হবে
আর আপনার হাতে স্বাধীন কিউবার ললাটে যদি
কেউ আঙুল ঠেকায় মুখোমুখি হবে জনতার গুষ্টির
আমরা তুলে নেব আমাদের সমাহিত অস্ত্র
আমাদের প্রিয় কিউবার প্রতিরক্ষায়
চলে আসবে আমাদের রক্ত ও আমাদের অহঙ্কার।
[বাংলা ভাষান্তরে রিচার্ড শাফ এবং একজন অজ্ঞাত অনুবাদকের To Fidel Castroকে অনুসরণ করা হয়েছে]





