(ঊনত্রিংশ কিস্তি) মিশেল ট্রেম্বলের আন্তর্জাতিক মর্যাদা ও একটি আধুনিক ক্ল্যাসিক হিসেবে Les Belles-Soeurs-এর অবস্থানই এ বিশেষ রচনাটি স্কটস ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নেয়ার পেছনে একটি ভূমিকা রেখেছিল। কিন্তু ট্রেম্বলের québécois-এর ব্যবহারও (কুইবেকে ব্যবহূত ফরাসি ভাষা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। কানাডীয় সমালোচকরা ট্রেম্বলের বিদ্যমান অনুবাদগুলোর ব্যাপারে অসন্তোষ প্রকাশ করায় অনুবাদকেরা অপ্রমিত ভাষায় একটা পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু québécois ও ‘প্রমিত’ ফরাসির মধ্যে সম্পর্ক স্কটস ও ‘প্রমিত’ ইংরেজির মধ্যকার সম্পর্কের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ নয়, তারা মনে করেছিলেন যে, ইংরেজি অনুবাদকরা যতটুকু ট্রেম্বলের মূল রচনার আরো কাছাকাছি গিয়েছিলেন, তারা ভাষা ও প্রবণতার দিক থেকে তার চেয়ে আরো বেশি কাছাকাছি যেতে পারবেন। আরেকটা বাড়তি সাদৃশ্য, যা Les Belles-Soeurs-এর বিষয়বস্তুগত ব্যাপারের দিক থেকে জরুরি ছিল, তা হলো québécois (আরো বিশেষ করে joul, যে ভ্যারাইটিটা ট্রেম্বলে ব্যবহার করেছিলেন) এবং স্কটস, এ ভাষা দুটোর যার যার সামাজিক সংস্কৃতির সঙ্গে বিজড়িত সামাজিক কালিমাটি (স্টিগমা)। বাড়তি একটি বিবেচনার বিষয় ছিল কুইবেকের স্বাধীনতা সংগ্রামে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়ুধ হিসেবে ট্রেম্বলের ভাষার ব্যবহার। একইভাবে স্কটস ভাষার প্রচার ও প্রসার সম্ভাবনাময় রাজনৈতিক পরিণতিসম্পন্ন একটি সাংস্কৃতিক আবহ তৈরিতেও সাহায্য করেছিল।
স্কটস ভাষায় ট্রেম্বলের québécois-এর অনুবাদ, অনুবাদের মাধ্যম হিসেবে সমসাময়িক স্কটসের যথার্থতা ও কার্যকারিতা প্রমাণের একটি সুযোগ করে দিল। স্কটিশ (এবং ব্রিটিশ) থিয়েটারে প্রমিত ইংরেজি অনুবাদের দীর্ঘমেয়াদি আধিপত্য— যা প্রায়ই প্রমিত উচ্চারণের শ্রেণীসংশ্লিষ্ট অ্যাকসেন্টে উপস্থাপন করা হতো— বেশির ভাগ (সমসাময়িক ও ধ্রুপদী) পশ্চিমা নাটকের অপ্রমিত ভাষাতাত্ত্বিক প্রকৃতি ও একটি বিশেষ জাতীয় বা আঞ্চলিক সংস্কৃতির বুনটে সেই নাটকের গভীরভাবে প্রোথিতদশা, এ দুটোকেই ভুলভাবে উপস্থাপন করেছিল। স্কটসের শহুরে ও গ্রামীণ উপভাষাগুলো, এবং সেই সঙ্গে যথোপযুক্ত স্থানে ব্যবহূত ইংরেজি ছিল স্কটিশ থিয়েটারের পরিপ্রেক্ষিতে ব্যবহার করার জন্য অনুবাদকদের একটি সমৃদ্ধ ভাষাতাত্ত্বিক সংস্থান। ফিন্ডলে ও বাউম্যান ব্যাপারটি দেখে খুশি হয়েছিলেন যে, québécois-এর প্রতি ট্রেম্বলের অকুণ্ঠ বিশ্বস্ততা ও কুইবেক অভিজ্ঞতার সুনির্দিষ্টতা ট্রেম্বলের নাটকগুলোর আন্তর্জাতিকভাবে সমাদৃত হওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আর এভাবেই ট্রেম্বলের কীর্তিগুলো ছিল স্কটস ভাষার থিয়েটারের জন্য নির্দেশনামূলক ও সম্ভাবনাময় রকমের অনুপ্রেরণামূলক। স্কটস ভাষার অনুবাদে ট্রেম্বলের প্রতিভা সফলভাবে চারিয়ে দেয়ার চ্যালেঞ্জই লক্ষ্য ভাষার সংস্থানগুলো পরীক্ষা ও প্রসারিত করার উপায়ের ব্যবস্থা করত।
মিশেল ট্রেম্বলে স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সমসাময়িক নাট্যকার হয়ে ওঠেন। ১৯৮৯ সালে প্রথম মঞ্চস্থ হওয়া The Guild Sisters ব্যাপকভাবে জনপ্রিয় ও সমালোচক-নন্দিত হয়। ১৯৯০ ও ১৯৯২ সালে নাটকটি নতুন করে মঞ্চস্থ হয়। ১৯৮৯ সাল থেকে ট্রেম্বলের নাটক বিদেশে স্কটিশ থিয়েটারের জন্যও একটি বাহন হিসেবে কাজ করেছে। গ্ল্যাসগোর ট্রন থিয়েটার ১৯৯০ সালে টরন্টোয় অনুষ্ঠিত ‘বিশ্ব মঞ্চ উত্সব’-এ The Guild Sisters মঞ্চস্থ করে এবং ১৯৯১ সালে নিউইয়র্কের লং আইল্যান্ডে অনুষ্ঠিত ‘স্টোনি ব্রুক আন্তর্জাতিক থিয়েটার উত্সব’-এ ট্রেম্বলের আরেকটি নাটকের অনুবাদ The Real World? মঞ্চস্থ করে। সেই সঙ্গে ট্রন থিয়েটারকৃত The Guild Sisters-এর একটি পারফরম্যান্স ১৯৯২ সালে মন্ট্রিলে শহরটির ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উত্সবে আনুষ্ঠানিক ব্রিটিশ অবদানের অংশ হিসেবে এক মাস ধরে মঞ্চস্থ হয় (এর আগে আর কোনো স্কটিশ প্রডাকশন এত দীর্ঘদিন মঞ্চস্থ হয়নি)। The Guild Sisters কানাডা ও আমেরিকা এ দুটো স্থানেই দর্শক ও সমালোচক উভয়েরই সমাদর লাভ করেছিল। দর্শকদের কাছে ভাষাটি যে মোটেই নতুন বা আশ্চর্য মনে হয়নি তা-ই কেবল নয়, সমালোচকরাও সেটাকে ‘বিস্ময়কর রকমের সজীব’ ও ‘একটি উন্মীলন’ বলে অভিনন্দিত করেছিলেন। কানাডীয় সমালোচকরা ট্রেম্বলের québécoisকে স্কটস ভাষায় রূপান্তরের যথার্থতা বিষয়ে অনুকূল মন্তব্য করেছিলেন। এছাড়া ইংলিশ-স্কটিশ সাংস্কৃতিক আদান-প্রদানের বিপরীত ধারার সমর্থনে ইংরেজ দর্শকদের কাছে Les Belles-Soeursকে তুলে ধরা হয়েছিল: একটি ইংলিশ থিয়েটার নাটকটির স্কটস অনুবাদ থেকে ইয়র্কশায়ারীয় উপভাষায় করা একটি অ্যাডাপ্টেশন কমিশনও মঞ্চস্থ করেছিল।
কুইবেক ফরাসিভাষী মিশেল ট্রেম্বলে তার নাটকগুলোর মাধ্যমে স্কটিশ থিয়েটারজগতে একজন জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। এ কুইবেক নাট্যকারকে টরন্টোর একটি খবরের কাগজ The Globe and Mail ‘McTremblay’ নামে অভিহিত করে। একজন রিভিউয়ার তাকে ‘স্কটল্যান্ডের সর্বকালের সেরা নাট্যকার’ বলেও উল্লেখ করেন এবং ১৯৯২ সালে স্টার্লিং বিশ্ববিদ্যালয় ট্রেম্বলের আন্তর্জাতিক মর্যাদা ও স্কটিশ থিয়েটারে তার অনন্য অবদানের কারণে তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ট্রেম্বলের জনপ্রিয়তা অনুবাদক বাউম্যান ও ফিন্ডলেকে তাদের কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে: ট্রেম্বলের আটটি নাটক অনুবাদ করার পাশাপাশি তারা কুইবেক ও অন্যান্য দেশেরও কিছু নাট্যকারের রচনা অনুবাদ করেন।
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুবাদগুলো যেভাবে গৃহীত হয়েছিল, তা স্কটল্যান্ডের বাইরে ইংরেজিভাষী দর্শকদের কাছে স্কটস ভাষার থিয়েটার যে বিপুল আবেদন রাখতে সক্ষম, তা প্রমাণ করেছে। এক্ষেত্রে একটি সংখ্যালঘু স্বদেশী ভাষা আরেকটির সাহায্যে এগিয়ে এসেছে। স্কটিশ দর্শকদের এ অত্যুত্সাহী সাড়া এটাই বোঝায় যে, তারা ট্রেম্বলের কাজের প্রতি একটি বিশেষ ধরনের সহমর্মিতা পোষণ করেন। অনুবাদের ভাষা যেমন দর্শকদের নিজেদের ভাষা এবং সে কারণে সেই অনুবাদ যেমন তাদের সঙ্গে একটা নৈকট্যের বোধ তৈরি করে, তেমনি দর্শকরা একটি কুইবেক প্রতিবেশের সঙ্গেও সাড়া দেয়। কারণ অনুবাদকরা নীতিগতভাবেই তাদের কোনো অনুবাদই স্কটল্যান্ডের কথা ভেবে অ্যাডাপ্ট করেননি। আর এভাবেই স্কটস ভাষা কুইবেকের সুনির্দিষ্টতা ও ট্রেম্বলের শিল্পের সর্বজনীনতা প্রকাশ করে। অনুবাদগুলো মূল কাজটির কর্তৃত্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রত হয়; সেগুলো দর্শকদের সঙ্গে অনুরণিত হয়— কিছু অনুবাদের প্রবণতা যেমন দূরে সরে যাওয়া, তেমনটি না করে। নাটকটির সফলতা, সেটির তৃতীয় প্রদর্শনীর সময় করা এক সমালোচকের এ দাবির মধ্য দিয়েই ফুটে ওঠে: [The Guild Sisters] এরই মধ্যে স্কটিশ নাট্যভাণ্ডারের, (রেপার্টোয়ারের) মুখ্য অবলম্বন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এতে বিস্ময়ের কিছু নেই। কারণ Québécois পরিস্থিতি স্কটিশ পরিস্থিতির সঙ্গে ভীষণ রকমের সাদৃশ্যপূর্ণ। (The Scotsman অগাস্ট ২১, ১৯৯২)।
এ বক্তব্যে যা প্রচ্ছন্ন, স্কটল্যান্ডে ট্রেম্বলের নাটকের অনুবাদগুলোর সাফল্যকে বিচ্ছিন্নভাবে দেখার অবকাশ নেই। বরং সেটাকে ১৯৭০-এর দশকের রাজনৈতিক জাতীয়তাবাদের পুনরুত্থান, ১৯৮০-এর দশকে স্কটল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ক্রমবর্ধমান আগ্রহ এবং স্কটস ভাষায় রচিত বিভিন্ন রচনার বর্ধিষ্ণু আবেদনের প্রেক্ষাপটে দেখতে হবে। এ সময়ের সর্বাধিক বিক্রীত বইগুলোর তালিকায় রয়েছে স্কটস ভাষায় রচিত The New Testament, The New Concise Scots Dictionary ও The Scots Thesaurus, যা স্কটস ভাষাকে ব্যবহার করার ব্যাপারে আগ্রহকেই প্রতিফলিত করে। স্কটস ভাষায় অনুবাদের ভাঁড়ারটির পরিসর আরো বড় করা হয়েছে ব্যবহূত স্কটসে অধিকতর শৈলীগত দুঃসাহসিকতার মাধ্যমে। সবচেয়ে জনপ্রিয় প্রডাকশনগুলোর মধ্যে রয়েছে মলিয়েরের Tartuffe, রস্টান্ডের Cyrano de Bergerac, দারিও ফোর নাটকের স্কটস অনুবাদ ও হাসেকের উপন্যাস The Guid Sodger Schweik-এর একটি অ্যাডাপ্টেশন। স্কটস ভাষায় লিখিত ‘মৌলিক’ নাটকগুলোর ওপর ট্রেম্বলের নাটকের অনুবাদগুলোর যথাযথ প্রভাবের পরিমাপ করা হয়তো কঠিন, কিন্তু সমসাময়িক বিদেশী নাট্যানুবাদের একটি যথার্থ ও কার্যকর মাধ্যম হিসেবে স্কটসের গ্রহণীয়তার ক্ষেত্রে সেগুলো নিশ্চিতভাবেই অবদান রেখেছিল। এ অনুবাদগুলো দেখিয়ে দিয়েছে যে, স্কটস ভাষাকে সাধারণত যে ধরনের অনুভূতি ও মেজাজের সঙ্গে সম্পৃক্ত বলে ভাবা হয় (যেমন হাস্যরস ও করুণরস), তার বাইরেও সেটি একটি বেশকিছু আবেগ-অনুভূতি প্রকাশে সক্ষম এবং ট্রেম্বলের québécois-এর মতো স্কটস ভাষার উচ্চাভিলাষ ও আবেদন কেবল সংকীর্ণ ক্ষেত্রেই আবদ্ধ থাকতে হবে এমন নয়।
(পরবর্তী পর্ব: হোর্হে লুইস বোর্হেস ও আর্জেন্টিনার সাহিত্যের জন্ম)






