দি এক্সিকিউশনার্স সঙ: নরমান মেইলার

অগণিত চরিত্রের সাক্ষ্যে নির্মিত, প্রমাণিত খুনি গ্যারি গিলমোরের সংকটাপন্ন জীবন ও শেষাবধি মৃত্যুর (উটা রাজ্যে, ফায়ারিং স্কোয়াডের সামনে) ঘটনা অবলম্বনে এটি একটি হাজার পৃষ্ঠার সুবিশাল প্রামাণ্যোপন্যাস; মেইলারের জন্য বিশেষভাবে উল্লেখ্য এক বিশুদ্ধ মার্কিন ভাষাভঙ্গিতে রচিত, যা থেকে খোদ লেখককেই অনুপস্থিত মনে হয়।

দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই ফাউন্ড ইট: ব্রুস ডাফি

আরেকটি বৃহৎ, কিন্তু বুদ্ধিবৃত্তিক ও শৈলীগতভাবে শক্তিশালী উপন্যাস, যার চরিত্ররা সব ইতিহাসের জীবন্ত ব্যক্তিত্ব: লুডভিগ ভিডগেনস্টাইন, বিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত দার্শনিক; বার্ট্রান্ড রাসেল তার অগ্রজ ও কিছুকালের জন্য শিক্ষক; জিই মুর, ক্যামব্রিজের বিখ্যাত অধ্যাপক।&dquote;&dquote;

এটি একটি সাহসী ও মৌলিক উপন্যাস, যা বিগত পৃথিবীকে কল্পনার শক্তিতে জীবন্ত করে তোলে, একদা যার অধিবাসী ছিলেন এসব নারী ও পুরুষ: সিগমুন্ড ফ্রয়েড, ডিএইচ লরেন্স, লেডি অটোলিন মোরেল ও কার্ল ক্রাউস। (দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই ফাউন্ড ইট নিঃসন্দেহে অদ্যাবধি প্রকাশিত প্রথম উপন্যাসের মধ্যে অন্যতম উচ্চাকাঙ্ক্ষী একটি কাজ।)

ড্রিমার: চার্লস জনসন

স্বচ্ছ, সরু, প্রামাণ্য ভাষার চেয়ে বরং অধিকতর কাব্যিক, এ সাহসী উপন্যাস মার্টিন লুথার কিং জুনিয়রের ব্যক্তিগত ও সামাজিক জীবনের ছবি তুলে আনে। বিষয়বস্তুর ঐতিহাসিকতা ও জীবনীধর্মিতা সত্ত্বেও জনসনের অন্যান্য কথাসাহিত্যের মতো ড্রিমারের চরিত্রও কিন্তু অনেকটাই নীতিগল্পসুলভ।

 ক্লাউডস্প্লিটার: রাসেল ব্যাংকস&dquote;&dquote;

আরেকটি বিশাল, সৌধপ্রতিম কাজ, আমাদের সবচেয়ে বিতর্কিত দাসপ্রথা বিলোপবাদী নেতা জন ব্রাউনের জীবনের এক কাল্পনিক পুনঃসৃজন। স্বাপ্নিক শহীদ? উন্মাদ? নিয়তি নির্দিষ্ট চরিত্র? কল্পিত এক পরিপ্রেক্ষিত থেকে উপন্যাসটি বর্ণিত হয়েছে ব্রাউনের সর্বশেষ জীবিত সন্তান ওয়েন ব্রাউনের কণ্ঠস্বরে, রুদ্ধশ্বাস অথচ আদ্যন্ত বিশ্বাসযোগ্য উনিশ শতকীয় গদ্যশৈলীতে।

দি আউয়ার্স: মাইকেল কানিংহাম

সাম্প্রতিককালের সাহিত্যিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম সফল, বহুল আলোচিত ও একাধারে ঝুঁকিপূর্ণ এ গ্রন্থটি, জীবনী (অত্যন্ত কবিত্বপূর্ণ ভাষায় রচিত ভূমিকায় ১৯৪১ সালে আত্মহত্যাকারী ভার্জিনিয়া উলফের জীবনের শেষ দিনগুলোর বর্ণনা) ও কথাসাহিত্যের (উলফের উপন্যাস মিসেস ড্যালোওয়ের সঙ্গে তাদের সম্পর্ক ও এইডস রোগে আক্রান্ত মুমূর্ষু এক তরুণের প্রতি ভালোবাসার সূত্রে সংযুক্ত দুই সমকালীন মার্কিন নারীর জীবনগাথা) আশ্চর্য মিশ্রণে সৃষ্ট একটি অসাধারণ, কল্পনাশক্তিসম্পন্ন সাহিত্যকর্ম।&dquote;&dquote;

অনুবাদ: আলম খোরশেদ

উৎস: The Salon.com Reader’s Guide to Contemporary Authors সংকলন