ব্রুনো ফার্নান্দেস ও হোয়াও নেভেসর জোড়া হ্যাটট্রিকে ভর করে আর্মেনিয়াকে ৯-১ গোলে গুঁড়িয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল। নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে না পারলেও জিততে অসুবিধা হয়নি রবার্তো মার্টিনেজের দলের।

বিশ্বকাপে যেতে হলে রোববার শেষ ম্যাচে জিততে হবে—এমন সমীকরণ সামনে রেখে গত এদিন খেলতে নামে পর্তুগাল। ঘরের মাঠ দ্রাগাও স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণের পর আক্রমণে এলোমেলো করে দেন পর্তুগিজরা। ম্যাচের সপ্তম মিনিটে ব্রুনোর ফ্রি কিক থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রেনাতো ভেইগা। ডেডলক ভাঙার পর শুরু হয় গোলবন্যা। গনসালো রামোস ব্যবধান ২-০ করেন ২৮ মিনিটে। এরপর ৩০ থেকে ৮১ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে লন্ডভন্ড করেন ব্রুনো আর নেভেস। দুজনই তুলে নেন হ্যাটট্রিক। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পর্তুগালের হয়ে নবম গোল করেন ফ্রান্সিসকো কনসিকাও।

এদুয়ার্দ স্পার্টসিয়ান ১৮তম মিনিটে আর্মেনিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে পর্তুগাল।

পর্তুগাল প্লে-অফ না খেলে সরাসরি বিশ্বকাপে উঠে যাওয়ার মানে, মূল পর্বে দেশের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া ৪০ বছর বয়সী রোনালদো।

রোববার হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে আয়ারল্যান্ড।

এদিকে, ‘ডি’ গ্রুপে রোববার আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে আগেই মূল পর্বের টিকিট কাটা ফ্রান্স। এ গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারায় ইউক্রেন। ‘কে’ গ্রুপে ইংল্যান্ড ২-০ গোলে আলবেনিয়াকে ও সার্বিয়া ২-১ গোলে লাটভিয়াকে হারায়।