শুক্রবার রাতে লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার রাতে আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল একই ব্যবধানে হারাল আফ্রিকার আরেক দল সেনেগালকে।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার সেনেগালকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ব্রাজিল। দুই বছর আগে লিসবনে সর্বশেষ দেখায় সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবার কার্লো আনচেলত্তির দল সহজেই হারাল তেরাঙ্গা সিংহদের। ২৮ মিনিটে এস্তেভাও ও ৩৫ মিনিটে অভিজ্ঞ কাসেমিরো গোল করেন। ম্যাচে বল দখলে সেনেগাল এগিয়ে থাকলেও গোল পাননি সাদিও মানেরা।
দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে পঞ্চম হয়ে আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেনেগালও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।









