বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে সামান্য দুশ্চিন্তা। ডানপ্রান্তের ডিফেন্ডার গনসালো মন্তিয়েল পেশিতে অতিরিক্ত চাপ (মাসল ওভারলোড) অনুভব করায় দলের মূল অনুশীলন থেকে আলাদা ছিলেন। যদিও তার কোনো গুরুতর চোট নেই, তবুও ঝুঁকি এড়াতে কোচিং স্টাফ তার অনুশীলনের মাত্রা কমিয়ে দিয়েছে।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তবে তার বর্তমান পরিস্থিতিতে অস্ট্রিয়ার বিপক্ষে দলে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে রাইট-ব্যাকে নাহুয়েল মোলিনাকে খেলানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
তবে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবরও রয়েছে। বাঁ পায়ের সোলিয়াস পেশির অস্বস্তি কাটিয়ে দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। অন্যদিকে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও স্বাভাবিকভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যার পর তিনি মাঠে ফেরার আরও কাছাকাছি পৌঁছে গেছেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে শুধু রক্ষণভাগেই নয়, আক্রমণভাগেও পরিবর্তন দেখা যেতে পারে। আলজেরিয়ার বিপক্ষে খেলা থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে নিকোলাস গনসালেস এবং হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে আর্জেন্টাইন গণমাধ্যমে আলোচনা চলছে।
বিশ্বকাপের শিরোপাধারীরা বর্তমানে কানসাসে অনুশীলন করছে। আগামী কয়েকটি সেশনে স্কালোনি তার পরিকল্পনার আরো স্পষ্ট ইঙ্গিত দিতে পারেন। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা।













