মাঠের ফুটবলে জাপান উপহার দিল চরম উত্তেজনা ও রোমাঞ্চকর এক ম্যাচ। আর অন্যদিকে ম্যাচ শেষের বাঁশি বাজতেই টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের গ্যালারি সাক্ষী হলো ভিন্ন এক দৃশ্যের। ফুটবল বিশ্বের সেই চিরচেনা রূপ —নম্রতা আর শৃঙ্খলার নজির রেখে ফের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা।
গতকাল রাতে শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে জাপান। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ব্লু সামুরাইরা। মাঠ ছাড়ে সমান পয়েন্ট নিয়ে।
তবে ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শুধুই উল্লাস দেখা দেয়নি, দেখা দিয়েছিল এক শান্ত ও সুশৃঙ্খল অবস্থা। খেলা শেষ হওয়ার পরও জাপানি সমর্থকরা প্লাস্টিক ব্যাগ হাতে নেমে পড়েন গ্যালারি পরিষ্কারে। কুড়িয়ে নেন পুরো ম্যাচ জুড়ে গ্যালারিতে ফেলে রাখা সব আবর্জনা।
সমর্থকদের এমন দৃশ্য ফুটবল বিশ্বে অবশ্য নতুন নয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দল হেরে যাওয়ার পরও স্টেডিয়ামের একটি অংশ পরিষ্কার করে মনোযোগ কেড়েছিল তারা। চার বছর পর কাতার বিশ্বকাপেও বজায় ছিল সেই ধারা। জার্মানি ও স্পেনের মতো ফুটবল পরাশক্তিদের হারিয়েও মাঠের আবর্জনা পরিষ্কার করতে ভোলেননি জাপানিরা।
জাপান দলের সাবেক কোচ হাজিমে মোরিয়াসু একে কোনো নাটকীয়তা মানতে নারাজ। তার মতে, এটি জাপানিদের অভ্যাস। গণপরিসরকে ব্যবহারের পর আগের চেয়েও পরিচ্ছন্ন করে রেখে যাওয়া তাদের সমাজ কাঠামোরই একটি গভীর শিক্ষা।
যেকোনো বড় টুর্নামেন্টে ম্যাচ শেষে ভাঙচুর বা আবর্জনার স্তূপ হচ্ছে চেনা দৃশ্য, সেখানে জাপানিদের এমন দায়িত্বশীলতা সৌন্দর্যের বার্তা দিয়ে গেল।















