ইউরোপের ঘরোয়া লিগে শনিবার বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশ দল বার্সেলোনা। তারা ৪-০ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৬-২ গোলে হারায় ফ্রেইবুর্গকে।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়া রবার্ট লেভানডভস্কি ও ফারমিন লোপেজ একটি করে গোল পান। এটা বার্সার দশম জয়। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কাতালানরা। ১০ ম্যাচে সমান ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রোববার এলচের মাঠে খেলবে জাবি আলোনসোর দল।

বুন্দেসলিগায় বড় জয় তুলে নেয় লিগ লিডার বায়ার্ন। মাইকেল ওলিস জোড়া গোল করেন। এছাড়া লেনার্ট কার্ল, দায়োত উপামেকানো, হ্যারি কেন ও নিকোলাস জ্যাকসন একটি করে গোল করেন।

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করেছে বাভারিয়ানরা।

বড়দের জয়ের রাতে অঘটনের শিকার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে তাদের ৩-০ গোলে হারিয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

লিভারপুল হারলেও জিতেছে চেলসি। ব্লুজরা ২-০ গোলে বার্নলিকে হারায়। এ রাতে ব্রাইটন ২-১ গোলে ব্রেন্টফোর্ডকে, ফুলহ্যাম ১-০ গোলে সান্ডারল্যান্ডকে ও ক্রিস্টাল প্যালেস ২-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারায়।