ঘানার জনপ্রিয় ওঝা (উইচ ডক্টর) নানা কোয়াকু বোনসাম দাবি করেছেন, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে আফ্রিকার দুর্বল দল কেপ ভার্দে। এর মধ্য দিয়েই এবারের আসর থেকে ছিটকে পড়বে লিওনেল মেসির দল। খবর ট্রিবিউনা ডটকম।

এ নানা কোয়াকুই ঘানার সেই আলোচিত ওঝা, যিনি এর আগে দাবি করেছিলেন, ঘানার বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি হ্যারি কেইনের ওপর জাদু-টোনা করেছিলেন। এমনকি ওই ম্যাচের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ম্যাচে কেইন কোনো গোল করতে পারবেন না। সেই সঙ্গে ম্যাচটি ০-০ গোলে ড্র হবে। হয়েছিলও ঠিক তাই। এর পরই বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন তিনি

এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার অনুষ্ঠেয় ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নানা কোয়াকু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেবে।

তবে তার এ ভবিষ্যদ্বাণী মানতে নারাজ ফুটবলপ্রেমীরা। কারণ হিসেবে তারা বলছেন, আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং দলটির নেতৃত্বে রয়েছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি। অন্যদিকে কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিল এবং আর্জেন্টিনার সামনে দল হিসেবেও বেশ দুর্বল তারা।