বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে আগেই শেষ ৩২ নিশ্চিত করা স্পেন। আর গ্রুপ পর্বে মাত্র ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে এ ম্যাচে।
আজকের ম্যাচে স্পেনের বিপক্ষে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উরুগুয়ের সামনে ছিল কঠিন সমীকরণ। শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের অন্তত ড্র করতেই হত। তবে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো দলটিকে।
মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচের ৪২ মিনিটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে গোল হজম করে উরুগুয়ে। স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনার বক্সের ভেতর থেকে নেয়া তার শট পুরোপুরি ঠেকাতে পারেননি ৪০ বছর বয়সী মুসলেরা। চলতি বিশ্বকাপে এটি মুসলেরার তৃতীয় বড় ভুল। প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে তিনটি গ্রুপ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। অন্যদিকে, স্পেন ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করল।
এ ছাড়া ম্যাচের শেষ দিকে ফেদেরিকো ভিনাস বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির দাবিতে জোরালো আবেদন করেন উরুগুয়ের খেলোয়াড়রা। উভয়পক্ষের মাঝে শেষ মুহূর্তে উত্তেজনাও ছড়ায়। অতিরিক্ত সময়ে স্পেনের ডিফেন্ডার পল কুবার্সিকে ট্যাকল করতে গিয়ে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত মানতে না চাওয়া স্ট্রাইকারকে মাঠের বাইরে নিয়ে যান সতীর্থরা। শেষ বাঁশির পর তিনি আবার ফিরে এসে রেফারির সঙ্গে কথা বলার চেষ্টা করেন।














