বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আরেকটি গোল করেন ব্রাদলে বারকোলা।
এ জয়ের মধ্য দিয়ে শেষ ষোলোয় উঠল ফ্রান্স। আগামী রোববার ফিলাডেলফিয়ায় রাউন্ড অব ১৬-এ তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।
এদিন শক্তিশালী ফরাসি দলের বিপক্ষে সুইডিশদের শুরুটা ছিল বেশ ইতিবাচক। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রান্স । চলে একের পর এক আক্রমণ।
ম্যাচের ২০তম মিনিটে এমবাপে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর মাইকেল অলিজে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে যান। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে নেয়া ১৪টি শটের ৬টি লক্ষ্যে রাখলেও মাত্র একটিতে গোল পায় লে ব্লুজরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে ছোট পাসে পাওয়া বল নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে সুইডেনের বক্সে ঢুকে যান এমবাপ্পে। মুহূর্তেই নেয়া কার্লিং শটে বল জালে জড়ান। তার এই গোলেই প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
ম্যাচের ৫৩তম মিনিটে আসে দ্বিতীয় গোল। ঠান্ডা মাথায় সুইডেনের গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে পরাস্ত করেন ব্র্যাডলি বারকোলা। তার নিখুঁত ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
ম্যাচের ৭৪তম মিনিটে অলিজের পাস আবার সুযোগে পরিণত করতে মরিয়া হয়ে ওঠেন এমবাপে। সুইডেনের রক্ষণভাগ ভেঙে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপ আসরে এটি তার ষষ্ঠ গোল। আর এ নিয়ে তার বিশ্বকাপ আসরে মোট গোলের সংখ্যা ১৮ হলো।














