বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আফ্রিকার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এর মধ্য দিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে নকআউট রাউন্ড নিশ্চিত করেছে দলটি। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে দুই দলই ছিল আক্রমণাত্মক। মাত্র ৩ মিনিটের মাথায় সৌদির সৌদ আবদুলহামিদ এবং অষ্টম মিনিটে কেপ ভার্দের ওয়াগনার পিনা হলুদ কার্ড পান। ৩২ মিনিটে ডিফেন্ডার হাসান আল তামবাক্তি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় সৌদি। এরপর ৪৬ মিনিটে মোহাম্মদ কান্নোর হেড ভোজিনহা রুখে দিলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদলই। ৪৭ মিনিটে কেপ ভার্দের জামিরো মন্তেইরোর শট রুখে দেন সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। ৬৬ মিনিটে সৌদির মোহাম্মদ আবু আল শামাতের শট রুখে দেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা। ৭৪ মিনিটে লারোস দুয়ার্তের সুযোগও হাতছাড়া হয়। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে আবদুল্লাহ আল হামদ্দান সহজ সুযোগ মিস করেন। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচটি।














