বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ১-১ গোলে ড্র করেছে ইরান ও মিশর। একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোলে জয়ের উচ্ছ্বাসে মাতলেও ভিএআরের অফসাইড কলে সে আশা ভেঙে যায় ইরানের। এতে নকআউটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। আর নকআউট পর্বে উঠে গেছে মিশর।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাহর শট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ ঠেকিয়ে দিলেও ফিরতি বলে মাহমুদ সাবেরের জোরালো শট লক্ষ্যভেদ করে। ১-০ গোলে এগিয়ে যায় মিশর।

এরপরই আবদেলমোনেমের ফাউলে পেনাল্টি পায় দলটি। তবে মেহদি তারেমির নেয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক শোবেইর। এরপর ১৪তম মিনিটে অবশেষে সমতায় ফেরে ইরান। প্রথমে মোহাম্মদ মোহাম্মাদির শট শোবেইর রুখে দিলেও ফিরতি বলে রেজাইয়ান জোরালো শটে বল জালে পাঠান।

বিরতির পরে উভয় দলই একাধিক সুযোগ তৈরি করে। ইরানের খলিলজাদেহের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়, অন্যদিকে মিশরের ট্রেজেগের শট রুখে দেন বেইরানভান্দ। ৮৯তম মিনিটে তারেমির শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে জড়িয়ে ইরানকে এগিয়ে দিয়েছেন বলে মনে হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।

এ ড্রয়ের ফলে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে মিশর। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে।