জার্মানি ফিফা বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে। কুরাসাওয়ের বিপক্ষে ৭–১ গোলের বড় জয়ের পর তারা ব্রাজিলকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে জায়গা করে নিয়েছে। এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল ২৩২টি।
এখন জার্মানির মোট গোল ২৩৯, যেখানে ব্রাজিলের গোল সংখ্যা ২৩৮। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ব্রাজিলকে এবার এক গোলের ব্যবধানে পেছনে ফেলল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা, তাদের গোল ১৫২।
বিশ্বকাপ ইতিহাসে জার্মানির শুরুটা দেরিতে হলেও তারা দ্রুতই শক্ত অবস্থান তৈরি করে। ১৯৩০ সালের প্রথম আসরে তারা অংশ নেয়নি এবং ১৯৫০ বিশ্বকাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি।
১৯৫৪ সালের বিশ্বকাপে জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানি) সর্বোচ্চ ২৫ গোল করে শিরোপা জেতে, যা তাদের আক্রমণাত্মক শক্তির ঐতিহাসিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সে আসরেই তারা গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৮–৩ গোলে হেরেছিল, তবে ফাইনালে ৩–২ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয়।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও, এবারের পারফরম্যান্সে জার্মানি আবারো শক্তভাবে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে।















