ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফেরার আশা করছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও দ্বিতীয় ম্যাচেও নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। খবর বিবিসি।

আজ শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি। কোচ জানিয়েছেন, কাফের চোটে ভুগছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাই এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি তিনি। ফলে আগামী ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নেইমারের খেলা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ব্রাজিল।

আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। দলে তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ইনজুরির কারণে ২০২৩ সালের পর ব্রাজিলের হয়ে না খেললেও চেলসির জোয়াও পেদ্রো ও টটেনহামের রিচার্লিসনকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছে নেইমারকে। ১২৮ ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯টি গোল করা সান্তোসের এই ফরোয়ার্ডের এটি চতুর্থ বিশ্বকাপ। এর আগে তিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।