ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায় আজ নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে প্রথমে গোল খেয়েও হামজা চৌধুরীর জাদুতে ম্যাচে ফেরে বাংলাদেশ। ইংলিশ ফুটবলে খেলা এ সুপারস্টার জোড়া গোলে দলকে ২-১-এ এগিয়ে নেন। সমর্থকরা যখন জয়ের প্রহর গুণছিলেন তখনই স্বপ্ন ভেঙে যাওয়া এক গোল হজম করে বসে স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে আসা বলে ফ্লিক করে কাছ থেকে গোল করেন নেপালের অনন্ত তামাং। এতে হৃদয় ভাঙে স্বাগতিক দলের খেলোয়াড় ও সমর্থকদের। জেতা ম্যাচটা ড্র করেন হামজা-রাকিবরা।

ম্যাচের ২৯তম মিনিটে সুমিত শ্রেষ্ঠার কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়িয়েছেন রোহিত চাঁদ (১-০)। অপেক্ষার পালা শেষে বিরতির পর প্রথম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চাইলেও বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বল দুর্দান্ত ওভারহেড কিকে জালে পাঠান হামজা (১-১)। সমতা আনার তিন মিনিট পর আবারও গোল উৎসব স্বাগতিকদের। এবার পেনাল্টি থেকে গোল করেন হামজা। ৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। পানেনকা শটে দারুণ গোল করেন লেস্টার সিটির এ খেলোয়াড়।

২০২০ সালের ১৩ নভেম্বরের পর নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। পাঁচ বছর পর আজ জয়ের সুবর্ণ সুযোগ এলেও শেষ মুহূর্তের ভুলে তা হাতছাড়া হয়ে গেল। ৯৩তম মিনিটের গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।