লুয়ান্ডায় শুক্রবার প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। ৪৩ মিনিটে মার্টিনেজ ও ৮২ মিনিটে মেসি গোল করেন। প্রথমে মেসির পাস থেকে গোল করেন মার্টিনেজ, এরপর মার্টিনেজ অ্যাসিস্ট করেন মেসির গোলে।

অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা এর আগে একবার মুখোমুখি হয়েছে। ২০০৬ সালে ইতালিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে।

বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী পার হয়ে মূল পর্বে উঠে গেছে আর্জেন্টিনা। দলটি এখন প্রীতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করছে। গত মাসে ভেনেজুয়েলাকে ১-০ গোলে ও পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। এবার আফ্রিকায় তারা জিতল ২-০ গোলে।