ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। স্বাগতিকরা ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ও ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজটি খেলতে যাচ্ছে আফঈদা খন্দকারের দলটি।
বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। সেই স্কোয়াডের ২৩ জনের মধ্যে শুধু রুমা আক্তারকে এবার ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রাখা হয়েছে। দলে নতুন ঢুকেছেন মামনি চাকমা। দ্বিতীয় স্ট্যান্ডবাই হিসেবে আছেন তনিমা বিশ্বাস।
ত্রিদেশীয় সিরিজের দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান।









