কাউবয় কার্টার দিয়ে বেশ কয়েকটি পুরস্কার জেতেন বিয়ন্সে। এবার এ অ্যালবাম নিয়ে ট্যুর কনসার্ট করছেন তিনি। সেখানেই বিয়ন্সের মঞ্চে অতিথি হওয়ার সম্মান পেলেন মাইলি। এখানেই শেষ নয়। আনুষ্ঠানিকভাবে তিনিই বিয়ন্সের কোনো কনসার্টের প্রথম অতিথি পারফরমার। গত বৃহস্পতিবার ফ্রান্সে তিনি মঞ্চে উঠেছিলেন গ্র্যামিজয়ী দ্বৈত গান ‘টু মোস্ট ওয়ান্টেড’ নিয়ে।

এ ঘটনার পর বেশ কয়েকটি গুঞ্জন শোনা গিয়েছিল। জানা যায়, মাইলি তার স্পটিফাইস বিলিয়ন ক্লাব কনসার্টে লাইভ পারফর্ম করছিলেন প্যারিসে। সেখানেই বিয়ন্সের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। তারা তাদের দ্বৈত পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছিলেন। সাইরাস এ কনসার্টে গানটি প্রথমবারের মতো স্টেজে পারফর্ম করেন। এছাড়া এর মধ্য দিয়ে তিনি বর্তমান ট্যুরের প্রথম অতিথির সম্মান পেলেন।

২০২৪ সালের মার্চে মুক্তি পেয়েছিল টু মোস্ট ওয়ান্টেড। এ সেটের তৃতীয় একক গান হিসেবে এটি মুক্তি পায়। এরপর গ্র্যামিতে সেরা কান্ট্রি ডুয়ো বিভাগে পুরস্কার পেয়েছিল এটি।

এ গানে মাইলির অবদান আছে। তিনি জানান, প্রায় আড়াই বছর আগে গানটি লেখা শুরু করে একটি খসড়া করেছিলেন। তিনি বলেন, ‘বিয়ন্সে যখন সংগীত নিয়ে আমার সঙ্গে আলাপ করেন, তখনই আমি গানটা নিয়ে তার সঙ্গে কাজ করার কথা ভাবি। কেননা আমার মনে হয়েছিল, এতে আমাদের সম্পর্কের উন্নতি হবে।’

তিনি আরো বলেন, ‘বিয়ন্সের সঙ্গে যখন কথা হয়, তখন বলেছিলাম কান্ট্রি সং হিসেবে এটি দারুণ হবে। কেননা সে টেক্সাসের আর আমি টেনেসির। পুরো বিষয়টির মধ্যেই কান্ট্রি সংয়ের ভাব উঠে আসবে। বিয়ন্সের সঙ্গে গাওয়া মানে তো স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়।’

এ মুহূর্তে বিয়ন্সে তার কাউবয় কার্টার ট্যুরের মাঝামাঝি অবস্থায় আছেন। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ জার্সি ও লন্ডনে শো করেছেন। আজ প্যারিসের কনসার্ট শেষ করে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরবেন। সেখানে হিউস্টন, ওয়াশিংটন ডিসি, আটলান্টা ও লাস ভেগাসে কনসার্ট করবেন।

সূত্র: ভ্যারাইটি