শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তার জন্মদিনে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয় থাকে বিশেষ আয়োজন। সে ধারাবাহিকতায় আজও দেশের টিভি চ্যানেলে বিশেষ আয়োজন করা হয়েছে। প্রয়াত হয়েও হাজারো ভক্ত ও অনুসারীর মাঝে বেঁচে আছেন তিনি। হাজারো তরুণ-তরুণী তাকে অনুসরণ করে স্বপ্ন দেখে। এমনই এক হুমায়ূন ভক্ত তরুণের স্বপ্ন নিয়ে নাটক নির্মাণ করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকের নাম ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘হুমায়ূন আহমেদের মতো মহান মানুষকে অনেকে অনুসরণ করে। তার মতো লেখক হতে চায়। তেমনই এক তরুণের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। কাল্পনিকভাবে গল্প সাজিয়ে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাটকটি নির্মিত হয়েছে।’
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পে দেখা যাবে, বড়লোক বাবার একমাত্র সন্তান, যার নিজের নামের সঙ্গে হুমায়ূন আহমেদের নামের মিল। এমনকি তার বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল। সে সত্যিকার অর্থেই হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এগিয়ে যায় গল্প। এ নাটকে হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বোগদাদী ও গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। এছাড়া নাটকটিতে হুমায়ূন আহমেদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর ও গুলতেকিনের মায়ের চরিত্রে দেখা যাবে শিল্পী সরকার অপুকে। ডলি জহুর বলেন, ‘এ নাটকের গল্প ভাবনাটা ভালো লেগেছে। আর লাভলু তো ভীষণ যত্ন নিয়ে কাজ করে। আশা করছি ভালো লাগবে।’
নাটকটি রচনা করেছেন রাজিয়া সুলতানা জেনি। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকটি প্রচার হবে। এ ছাড়াও আজ বেলা ৩টা ০৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই হুমায়ূন মেলা। বিকাল ৫টায় থাকছে হুমায়ূন আহমেদ নির্মিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত।’
বাংলাভিশনের সকালবেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’-এ হুমায়ূন আহমেদের জন্মদিনের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর নির্বাহী প্রধান মাজহারুল ইসলাম। হুমায়ুন আহমেদের সঙ্গে তার পরিচয় ও কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। অনুষ্ঠানটি বাংলাভিশনের পর্দায় প্রচার হবে আজ সকাল সাড়ে ৮টায়।











