প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ড অ্যাশেজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাশেজের কানাডা সফর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। ফেসবুকে ইভান জানান, জুলাইয়ের প্রথম দিন শুরু হবে তাদের কানাডা সফর।
১ জুলাই টরন্টো, ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়ালে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেয়ার কথা অ্যাশেজের। আগামী ১৪ জুলাই দেশে ফেরার পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে ব্যান্ডটি।
জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এ জন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন।’
শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তাই সব মিলিয়ে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর।










