দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন সুমাইয়া শিমু। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল জনপ্রিয় এ অভিনেত্রীর। নাটকটির রুকাইয়া চরিত্রে অভিনয়ের জন্য শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত চরিত্রটি থেকে সরে গেছেন শিমু। তার জায়গায় এ চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে।
জানা গেছে, শুরুতে ফিরে আসার গল্পতে মরিয়ম চরিত্রের জন্য যুক্ত ছিলেন দীপা। পরে শিল্পী পরিবর্তনের কারণে তাকে রুকাইয়া চরিত্রে নেয়া হয়েছে। দীপার ছেড়ে দেয়া মরিয়ম চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী।
তবে সুমাইয়া শিমুকে কেন ধারাবাহিকটি থেকে সরিয়ে দেয়া হয়েছে, সে বিষয়ে এখনো নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টার ও শিল্পীদের তালিকায়ও বর্তমানে শিমুর নাম দেখা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে জানতে সুমাইয়া শিমুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে নির্মাতা মোস্তফা কামাল রাজও এ বিষয়ে মন্তব্য করেননি।
অন্যদিকে ফিরে আসার গল্প দিয়ে দীর্ঘ সময় পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেতা জাহিদ হাসান। তার সঙ্গে এতে অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী, শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, ডা. এজাজুল ইসলাম ও রাজুসহ অনেকে।
এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ফিরে আসার গল্পর প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশ হবে নতুন পর্ব।










