প্রথমবারের মতো শুরু হলো ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব’। তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন হলো এ উৎসবের। এর প্রতিপাদ্য—হিয়ার স্টোরিস টেক ফ্লাইট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ সিরাজ ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের খণ্ডকালীন শিক্ষক সামিউন হক দোলা। এছাড়া উৎসবে অংশগ্রহণকারী নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর পরিচালকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, ‘এ উৎসবের মাধ্যমে আমরা দেশজুড়ে উদীয়মান নির্মাতাদের গল্প বলার একটি নতুন প্লাটফর্ম তৈরি করতে চেয়েছি। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের ফল।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রদর্শিত হয় প্রতিযোগিতায় নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ উৎসবের বিচারক প্যানেলে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব বিধান রিবেরু, সৈয়দ আহমেদ শাওকি ও সাদিয়া খালেদ রিতী।










