ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ‘ক্ষতিপূরণ’। ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ক্ষতিপূরণ ইউটিউব ট্রেন্ডিংয়ে ফিকশনের মধ্যে ২ নম্বরে আছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এ ইউটিউব ফিল্ম দেশ-বিদেশের অসংখ্য দর্শকের পছন্দের তালিকায় থাকছে। ফিল্মটি কাউকে কাউকে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করে তুলেছে। অনেকে বলছে, এটি তাদের জীবন-দর্শন বদলে দিচ্ছে। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা রাজ।
ক্ষতিপূরণ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ! আসলে সে কে? তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। শিরিন চরিত্রে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী।
ইউটিউব ফিল্মটি চারদিনে দেখা হয়েছে ৪২ লাখ বার। এতে মন্তব্য পড়েছে ছয় হাজারের বেশি। সাব্বির হুসেন নামের একজন প্রবাসী লিখেছেন, ‘অভিমান করে বাড়ি যাই না। চার মাস আগে দেশে যাওয়ার কথা ছিল। মা-বাবার সঙ্গে অভিমান করে কথা হয়নি প্রায় চার মাস। তখন থেকে সমস্যা। ভেবেছিলাম আর যাব না দেশের বাড়ি। ক্ষতিপূরণ দেখার পর মনে হচ্ছে সবকিছুর পর মা-বাবা তো মা-বাবাই। আমি বাড়ি যাচ্ছি শিগগিরই। আজ থেকে প্রস্তুতি শুরু করলাম। ধন্যবাদ সিনেমাওয়ালার পুরো টিমকে।’
অন্য এক প্রবাসী লিখেছেন, ‘সত্যি খুব ভালো লাগল। চার বছর চলছে বিদেশে এসেছি। দুই বছর ধরে মা দেশে যেতে বলেন, কিন্তু সত্যি বলতে ইচ্ছে করেই দেশে যাইনি। ক্ষতিপূরণ দেখে মনে হচ্ছে আমার অনেক আগেই দেশে যাওয়া দরকার ছিল। তিন মাসের মধ্যেই দেশে যাব।’ ইতালি থেকে বাইজিদ হাজরা লিখেছেন, ‘খুব সুন্দর একটি কনটেন্ট। আমার দেখা সেরা গল্প। আগামী বছর দেশে যাব মা-বাবা ও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে।’
ক্ষতিপূরণে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল, শম্পা নিজাম, নওশীন দিশা, মনীষা শিকদার, টুম্পা মাহবুব ও তাজিনাতুন নাহার নওরিন। ইউটিউব ফিল্মটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। এছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা।










