আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘নারী দিবস সম্মাননা ২০২৫’ পেলেন নাট্যজন রুমা মোদক।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদল আয়োজন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন। এ আয়োজনের অংশ হিসেবে নাট্যজন রুমা মোদককে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের রবীন্দ্র গবেষক ও অনুবাদক অধ্যাপক দং ইউ ছেন। তিনি রুমা মোদকের হাতে সম্মাননা তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন নাট্যগবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা বাবুল বিশ্বাস।

সম্মাননা গ্রহণ করে রুমা মোদক বলেন, যেকোনো পুরস্কার কাজের আনন্দকে বাড়িয়ে দেয়। নারী দিবসে এমন স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। আজকের সময়ে নারীরা নানা বাধার সম্মুখীন হচ্ছে। আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি যে এ সম্মাননা পেলাম।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। এ আয়োজনে এর আগে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমুল ইউসুফ, লাকী ইনাম, নুনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবিশ, হৃদি হকসহ আরো অনেককে সংবর্ধনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও হল বরাদ্দের কারণে এ বছর একদিন আগেই দিবসটি উদযাপন করে স্বপ্নদল।