উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের এক সুরেলা সন্ধ্যার আয়োজন হয়েছিল আলিয়ঁস ফ্রঁসেজে। প্রতি মাসেই তারা আয়োজন করে এ সংগীত সন্ধ্যা। ধানমন্ডির অডিটোরিয়ামে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা গতকাল সফলভাবে সম্পন্ন করল তাদের নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান ‘ট্র্যাডিশন অব মেলোডি’-র জুনের পর্ব।

অনুষ্ঠানে অংশ নেন স্বনামধন্য অতিথি শিল্পী ও আলিয়ঁস ফ্রঁসেজের উদীয়মান শিক্ষার্থীরা, যা ছিল উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। আলিয়ঁস ফ্রঁসেজ শিল্প সাহিত্য নিয়ে যে নিয়মিত কাজগুলো করে যাচ্ছে, এটি তারই অংশ। শাস্ত্রীয় সংগীতকে ধরে রাখা ও ছড়িয়ে দেয়ার জন্যই নিয়মিত সংগীত সন্ধ্যার আয়োজন করছে প্রতিষ্ঠানটি। প্রতি আয়োজনেই সংগীত পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীতের শিল্পীরা। এ মাসের অনুষ্ঠানটি সুশোভিত হয় জনপ্রিয় অতিথি শিল্পী সমরজিৎ রায় ও আফসানা রুনার পরিবেশনার মাধ্যমে। তাদের মোহময় সংগীত শ্রোতাদের মুগ্ধ করে। তাদের পাশাপাশি, আলিয়ঁস ফঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী রেজওয়ানুল মাহমুদ মোয়েন ও চৌধুরী আনাহিতা তিয়ানা তাদের নবীন প্রতিভার ছাপ রেখে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী করে তুলেছিল।