অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে কথা চলছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিও থেকে তাকে নিয়ে শুরু হয় জল্পনা। মূলত তাকে ময়মনসিংহের গফয়গাঁওয়ে একটি মাজারে খালি গায়ে শুয়ে থাকতে দেখা যায়। তা নিয়েই শুরু হয় সন্দেহ ও শঙ্কা। মনে করা হয়েছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে তিনি নিজেই জানিয়েছেন বিষয়টি এমন না। তিনি মাজারে যেতে পছন্দ করেন। তবে আপাতত যশোরে মায়ের কাছে ফিরেছেন এ অভিনেতা।
সমু চৌধুরী জানান, তিনি প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরতে যান। এবারো বুধবার রাতে তিনি গফরগাঁওয়ের ওই মাজারে যান। সঙ্গে অতিরিক্ত পোশাক না থাকায় বৃহস্পতিবার সকালে নিজের পরিহিত জামা-কাপড় ধুয়ে দেন এবং গামছা পরে মাজারের গাব গাছের নিচে বিশ্রাম করছিলেন। সে সময় তার কিছু ছবি কে বা কারা তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা থেকেই মূলত ভুল বোঝাবুঝির সূত্রপাত।
অভিনয়শিল্পী সংঘ এ ঘটনার খবর পাওয়ার পর পরই দ্রুত পদক্ষেপ নেয়। প্রথমে স্থানীয় একজন সহকর্মীকে মাজারে পাঠানো হয়। এরপর সংগঠনের দুই নেতা সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল পরিবার সদস্যদের আগেই সেখানে পৌঁছান। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হয়।সব জল্পনা-কল্পনার অবসান ঘটে যখন বৃহস্পতিবার গভীর রাতে সমু চৌধুরী নিজ পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ঢাকায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ।
তবে এখানেই ঘটনার শেষ নয়। ঢাকায় ফিরেই আরেকটি আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী—তিনি সরাসরি যশোরে মায়ের কাছে ফিরে যান। শুক্রবার সকালেই তিনি যশোরে পৌঁছান বলে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।










