ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ইনসেপশন’। মূল ভূমিকায় অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। মজার ব্যাপার হলো এ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল উইল স্মিথকে। কিন্তু সিনেমাটি করতে তিনি রাজি হননি। এর কারণ হিসেবে জানান, সিনেমার গল্প বুঝতে পারেননি তিনি। এর আগেও এমন কিছু সিনেমা ফেরানোর রেকর্ড আছে তার। তালিকায় আছে ‘দ্য ম্যাট্রিক্স’ ও ‘জ্যাংগো আনচেইনড’। তবে ইনসেপশন ফেরানো নিয়েই আফসোস বেশি স্মিথের।
সম্প্রতি হাফ পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন তিনি। স্মিথ বলেন, ‘আমি এর আগে বিষয়গুলো নিয়ে আলাপ করিনি, কিন্তু এখন মনে হয় করা উচিত। কারণ আমরা পরস্পরের কাছে মনের কথা বলছি। ক্রিস্টোফার নোলান ইনসেপশন নিয়ে আমার কাছে এসেছিলেন। কিন্তু আমি এ সিনেমার গল্পটা বুঝিনি। বিষয়টা কখনো স্বীকার করিনি। এখন দেখি সিনেমাটা বড় হিট হয়েছে। কিন্তু ভিন্ন রিয়ালিটির গল্প আমি বুঝতাম না। অবশ্য সিনেমা ফেরানোর বিষয়টা নিয়ে আমার আফসোস আছে।’
ইনসেপশন মুক্তির পর বক্স অফিসে ৮৩ কোটি টাকা আয় করে। এর পর পরই দ্য হলিউড রিপোর্টার জানায় সিনেমাটির জন্য নোলানের প্রথম পছন্দ ছিলেন ব্র্যাড পিট। কিন্তু এটিতে অভিনয় করার বিষয়ে কথা দেননি তিনি। এরপর উইল স্মিথের কাছে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে যান। তিনিও রাজি হননি। কেবল তখনই সিনেমা নিয়ে নোলান গিয়েছিলেন ডিক্যাপ্রিওর কাছে।
কেবল এ সিনেমাই নয়, তিনি ফিরিয়েছিলেন ম্যাট্রিক্সের প্রস্তাবও। এ নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ বলেন, ‘এসব চিন্তা করলে এখন কষ্ট হয়।’
‘জ্যাংগো আনচেইনড’ নিয়েও একই ঘটনা। কোয়েন্টিন টারান্টিনোর মতো নির্মাতাকে না বলেছিলেন স্মিথ। এর কারণ হিসেবে দ্য হলিউড রিপোর্টারকে স্মিথ বলেছিলেন, ‘এ সিনেমার গল্পটা আসলে দারুণ ছিল। আমার পছন্দ হয়েছিল। কিন্তু গল্পটা ছিল প্রতিশোধের। আমি চেয়েছিলাম, সিনেমাটা শেষ পর্যন্ত প্রেমের গল্প হোক। নির্মাতা ও আমার মধ্যে মতের এ পার্থক্যের কারণে শেষ পর্যন্ত এ সিনেমা করা হয়নি।’
সূত্র: ভ্যারাইটি










