কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ একটি। সিনেমাটি দর্শক পছন্দ করেছেন। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও। ‘ইনসাফ’-এ নির্মাতা আঁচ দিয়েছিলেন দ্বিতীয় কিস্তি আসবে। সে কিস্তিতে চঞ্চলের চরিত্রটি হবে বিস্তৃত। 

সঞ্জয় জানান, এরই মধ্যে কাজ শুরু হয়েছে ইনসাফ ২-এর। এখন চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। আগেরটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার। প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেক অভিনেত্রী। এখনই সঞ্জয় তার নাম প্রকাশ্যে আনতে চান না।

তিনি বলেন, ‘এবারের গল্পটি আরো বড় পরিসরে হবে। ২০ টাকার ডাক্তার শমশের তথা মোশাররফ করিম ভাইয়ের চরিত্রটি ইনসাফের প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’ প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও আগামী বছর কোরবানির ঈদে মুক্তি দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান সঞ্জয়।

তিনি বলেন, ‘এবারের পর্বের বাজেট আরো বেশি। ফলে ঈদে মুক্তি দেয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজ সংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব। প্রথম পর্ব যেভাবে দর্শক গ্রহণ করেছে, আশা করছি, পরের পর্বও সবার ভালো লাগবে।’