আসন্ন ঈদে পাঁচ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের এক ফ্রেমে আনছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পরিচালিত নতুন নাটক তোমাদের গল্পে একসঙ্গে অভিনয় করছেন দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটকটির শুটিং চলছে নরসিংদীতে। এতে আরো অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। মূল দুটি চরিত্রে থাকছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। পর্দায় তাদের রসায়ন ও খুনসুটি দর্শক দেখতে পাবেন।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ঈদে শহরবাসীরা গ্রামের বাড়িতে ফিরে যান—এটা আমাদের চেনা দৃশ্য। সেই পটভূমিতে একটি পরিবারের গল্প বলছি। আমার ফুফুর বাড়িতে শুটিং করছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের একত্র করা প্রসঙ্গে তিনি বলেন, গল্পের প্রয়োজনেই দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের দরকার ছিল। তাই সবার সঙ্গে সুসম্পর্ক থাকায় তাদের একসঙ্গে নিয়ে কাজ করছি। এটা একদম পারিবারিক গল্প।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, যিনি এর আগে ওমর সিনেমার চিত্রনাট্য লিখে প্রশংসিত হয়েছিলেন। এতে থাকছে নতুন একটি গান, যা গেয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন জনি হক।

তোমাদের গল্প মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।