বেশ ভালো সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা জোভান। প্রতি উৎসবেই তার নাটক থাকে আলোচনায়। এবারের কোরবানির ঈদে মু্ক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি নাটক পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ করে জোভান ও নাজনীন নীহা অভিনীত ‘আশিকি’ নাটকটি খুব দ্রুতই দর্শকের কাছে পৌঁছে যায়। বাংলা নাটকের একদিনের সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড করে এ নাটক। ইমরোজ শাওন পরিচালিত নাটকটি এরই মধ্যে ইউটিউবে ১৬ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। শুরুতে নাটকে জোভানের চরিত্র নিয়ে ট্রল করলেও শেষে দর্শক বিভিন্ন ফেসবুক পেজে এ নাটকের প্রশংসা করেছেন।

এদিকে জোভানের ঈদ ব্যস্ততা ও আশিকির দর্শকসাড়ার পর গতকাল মুক্তি পেয়েছে আরো একটি নাটক। যে নাটকে জোভানের বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পড়শী।

গানের পাশাপাশি নাটকে অভিনয় ও স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে। নাটকে নিয়মিত হতে চাইছেন পড়শী। এর আগেও নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। ঈদের ব্যস্ততা শেষে আবারো কাজে ফিরেছেন এ সংগীতশিল্পী। আজ প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন নাটক ফেরারি মন, যেটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

নাটকটি নিয়ে নির্মাতা মহিম বলেন, ‘পড়শী ও জোভান দুজনই সময়ের ব্যস্ত তারকা। তাদের নিজস্ব দর্শকশ্রেণী রয়েছে। এর আগেও আমি তাদের সঙ্গে কাজ করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নতুন একটি কাজ করলাম। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’