হলিউড অভিনেতা টম ক্রুজ। বিশ্বের অন্যতম সুদর্শন পুরুষ মনে করা হয় তাকে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারে আছে বহু ব্লকবাস্টার সিনেমা। ব্যবসাসফল সিনেমা বাদেও সার্বিকভাবে সিনেমায় তার অবদান কম নয়। এবার এ অভিনেতাকে দেয়া হচ্ছে সাম্মানিক অস্কার। তবে তিনি একা নন। সাম্মানিক অস্কারের তালিকায় আছেন কোরিওগ্রাফার-অভিনেতা ডেবি অ্যালেন, প্রডাকশন ডিজাইনার উইন থমাস ও সংগীত আইকন ডলি পারটন। আগামী ১৬ নভেম্বর গভর্নরস অ্যাওয়ার্ডসের সময় এ পুরস্কার তাদের হাতে তুলে দেয়া হবে।
গভর্নরস অ্যাওয়ার্ডস মূলত কোনো ব্যক্তি তার জীবনভর সিনেমায় যে অবদান রেখেছেন তার ভিত্তিতে দেয়া হয়।
এ ঘোষণা দিয়ে একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর গভর্নরস অ্যাওয়ার্ডস চারজন কিংবদন্তিকে সম্মান জানাবে। সিনেমা নির্মাণের সঙ্গে তাদের সংযুক্তি ও অবদানে এ পুরস্কার দেয়া হচ্ছে।’
প্রেসিডেন্টের বিবৃতিতে আরো বলা হয়, ‘একাডেমির বোর্ড অব গভর্নরস এ চারজনকে পুরস্কার দিতে পেরে সম্মানিত বোধ করছে। ডেবি অ্যালেন একজন অসাধারণ কোরিওগ্রাফার ও অভিনেতা। সিনেমায় টম ক্রুজের অবদান অনস্বীকার্য। থিয়েটারে তিনি মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখেন। এছাড়া স্টান্টেও তিনি এনেছেন নতুন মাত্রা। ডলি পারটন সংগীতে আমাদের অনেক কিছু দিয়েছেন। উইন থমাস সিনেমায় শিল্পের ছোঁয়া এনেছেন।’
এ সাম্মানিক অস্কারের ঘোষণার পর টম ক্রুজের অস্কার নিয়েই আলাপ বেশি হচ্ছে। এর অন্যতম কারণ তিনি একজন গ্লোবাল স্টার বা আইকন। এছাড়া কভিডের পর তার সিনেমা টপ গান: ম্যাভেরিক সাম্প্রতিক ব্যবসাসফল সিনেমায় মাইলফলক তৈরি করেছে। এছাড়া এ মাসেই মুক্তি পেয়েছে তার মিশন: ইম্পসিবল সিরিজের শেষ সিনেমা।
সূত্র: ভ্যারাইটি










